রাব্বীকে জিজ্ঞাসাবাদ পুলিশের তদন্ত কমিটির
ভয় দেখিয়ে টাকা আদায়ের চেষ্টার অভিযোগ সম্পর্কে হাসপাতালে চিকিৎসাধীন বাংলাদেশ ব্যাংক কর্মকর্তা গোলাম রাব্বীর সঙ্গে কথা বলেছে পুলিশ সদর দপ্তর গাঠিত তদন্ত কমিটি।
কমিটির সদস্যরা শনিবার রাত ৮টার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে রাব্বীর সঙ্গে কথা বলেন। রাত পৌনে ৯টার দিকে বের বের হওয়ার সময় সাংবাদিকরা কথা বলতে চাইলে তারা এড়িয়ে যান।
গত শনিবার রাতে বাংলাদেশ ব্যাংকের কমিউনিকেশন বিভাগের কর্মকর্তা রাব্বীর পর শুক্রবার ভোরে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) পরিদর্শক (পরিষ্কার ও পরিচ্ছন্ন) বিকাশ চন্দ্র দাশকে ‘মারধরের’ অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে।
এক সপ্তাহের মধ্যে রাজধানীতে পুলিশের হাতে নির্যাতনের ওই দুই অভিযোগ তদন্তে শুক্রবার তিন সদস্যের ওই তদন্ত কমিটি গঠন করে পুলিশ সদর দপ্তর।
কমিটি শনিবার বিকাশকে জিজ্ঞাসাবাদ করেছে কি না- তা জানা যায়নি। তিনি রাজধানীর ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন।
রাব্বীর অভিযোগ, মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদ শিকদার গত শনিবার রাতে তাকে আটক করে থানায় না নিয়ে প্রায় আড়াই ঘণ্টা গাড়িতে রেখে টাকা আদায়ের চেষ্টা চালান।
রাব্বীর অভিযোগের পর এসআই মাসুদকে মোহাম্মদপুর থানা থেকে প্রত্যাহারের পর সাময়িক বরখাস্তও করা হয়েছে।
শুক্রবার ভোরে মীরহাজীর বাগ এলাকায় ডিএসসিসি পরিদর্শক বিকাশকে যাত্রাবাড়ী থানার এসআই আরশাদ হোসেন আকাশ মারধর করেন বলে হাসপাতালে তার স্বজনরা অভিযোগ করেন।
পুলিশের অতিরিক্ত ডিআইজি হারুন উর রশিদকে প্রধান করে গঠিত কমিটি তদন্তের প্রয়োজনে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে রাব্বীর বক্তব্য রেকর্ড করে।
কমিটির অপর দুই সদস্য হচ্ছেন- সদর দপ্তরের অতিরিক্ত এআইজি মিজানুর রহমান ও পরিদর্শক মো. সালাহউদ্দিন। কমিটিকে সাত কার্য দিবসে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
রাব্বীকে নির্যাতনের ঘটনার অভিযোগ পাওয়ার পরপরই মোহাম্মদপুর জোনের সহকারী কমিশনার হাফিজ আল ফারুকে ঘটনার তদন্তের দায়িত্ব দেওয়া হয়।
শনিবার সন্ধ্যায় তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছে বলে জানান তেজগাঁও বিভাগের উপ কমিশনার বিপ্লব সরকার। তবে প্রতিবেদনে কী আছে তিনি তা জানাননি।
পুলিশের গণমাধ্যম শাখার উপ কমিশনার মো. মারুফ হোসেন সরদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিকাশ চন্দ্র দাশকে মারধরের অভিযোগ ওঠার পর যাত্রাবাড়ী থানার এসআই আরশাদকে শনিবার সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
এর আগে শনিবার সকালে এসআই আরশাদকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার কথা জানান যাত্রাবাড়ী থানার ওসি অবনী শংকর কর।
