মশক নিধনে ডিএনসিসির ‘ক্র্যাশ প্রোগ্রাম’
নগরীতে মশার উৎপাত দমাতে একটি ঝটিকা অভিযান শুরু করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন, যার নাম দেওয়া হয়েছে `ক্র্যাশ প্রোগ্রাম'।
১৭ জানুয়ারি থেকে শুরু হওয়া এই মশক দমন অভিযান ২১ জানুয়ারি পর্যন্ত চলবে বলে ডিএনসিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এতে আরও বলা হয়, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগ বিশেষ ক্র্যাশ প্রোগ্রাম গ্রহণ করেছে। প্রতিদিন অঞ্চলের সব মশককর্মী সম্মিলিতভাবে দুইটি করে ওয়ার্ডে মশক নিধন করবে।
রোববার মিরপুর এলাকায় অবস্থিত ১০ নম্বর ওয়ার্ড কমিউনিটি সেন্টার ‘ক্র্যাশ প্রোগ্রামের’ উদ্ভোধন করেন প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল এসএমএম সালেহ আহমদ ভূইয়া
এসময় তিনি বলেন, মশক নিধন কার্যক্রম জোরদারের পাশাপাশি নিজস্ব জলাশয় পরিষ্কার রাখতে হবে। নগরবাসীকে ময়লা আর্বজনা সঠিক স্থানে ফেলার অভ্যাস করতে হবে।
অনুষ্ঠানে সিটি কর্পোরেশনের অঞ্চল-০৪ (মিরপুর) এর কাউন্সিলররা, আঞ্চলিক নির্বাহীসহ স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
