এসআই মাসুদের আচরণ ‘পুলিশসুলভ’ ছিল না: স্বরাষ্ট্রমন্ত্রী
বাংলাদেশ ব্যাংক কর্মকর্তা গোলাম রাব্বীকে নির্যাতনের ঘটনায় বরখাস্ত মোহাম্মদপুর থানার এসআই মাসুদ শিকদারের আচরণ ‘পুলিশসুলভ’ ছিল না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
সোমবার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তিনি ব্যাংককর্মী গোলাম রাব্বী ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা পরিদর্শক বিকাশ চন্দ্র দাশকে পুলিশের নির্যাতনের বিষয় নিয়ে কথা বলেন।
সাংবাদিকের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “এতো বড় পুলিশ বাহিনীতে দু’একটি ঘটনা ঘটেই যায়। কিন্তু সেজন্য তো কাউকে ছাড় দেওয়া হচ্ছে না।
“পুলিশ হোক বা সচিবালয়ের কর্মকর্তা হোক, কেউ আইনের ঊর্ধ্বে নয়। যে কোনো ঘটনার বিভাগীয় এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
সাম্প্রতিক পুলিশি হয়রানির দুটি ঘটনার উদাহরণ দিয়ে কামাল বলেন, “ব্যাংক কর্মকর্তা রাব্বীর সঙ্গে এসআই মাসুদ ‘পুলিশসুলভ’ আচরণ করেনি।
“প্রাথমিক তদন্তে মাসুদের পুলিশসুলভ আচরণ প্রতীয়মান হয়নি বলে তাকে বরখাস্ত করা হয়েছে। আরও তদন্তের জন্য আইজিপি নির্দেশ দিয়েছেন। সেই তদন্তের পর মাসুদ এবং যাত্রাবাড়ী থানার এসআই আকাশের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।”
ঢাকা মহানগর পুলিশ কমিশনারের পক্ষ থেকে পুলিশের সিভিল বা সাদা পোশাকে কোনো টিম থাকবে না বলে নির্দেশনা রয়েছে। সেই সাদা পোশাকে থাকা পুলিশের হাতেই ডিএসসিসি কর্মকর্তা বিকাশ নির্যাতিত হন।
এ বিষয়ে মন্ত্রী বলেন, “মন্ত্রণালয় থেকে গাইডলাইন দেওয়া হয় আর ইমপ্লিমেন্ট করে পুলিশ প্রশাসন। তবে সাদা পোশাকে অনেক সময় কৌশলগত কারণে ডিউটি দেয়। কিন্তু পুলিশ, ডিবি বা র্যাবের কটি থাকে, জ্যাকেট থাকে।
“ডিউটির সময় পুলিশের কটি বা জ্যাকেট থাকতে হবে এমন নির্দেশনা রয়েছে মন্ত্রণালয়ের।”
গত ৯ জানুয়ারি রাতে মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পের কাছে বাংলাদেশ ব্যাংকের কমিউনিকেশন্স বিভাগের কর্মকর্তা গোলাম রাব্বীকে আটক করে তাকে মাদকসেবী বানানোর ভয় দেখিয়ে এসআই মাসুদ অর্থ আদায়ের চেষ্টা করেছিলেন বলে অভিযোগ ওঠার পর তাকে প্রথমে থানা থেকে সরিয়ে নেওয়া হয়। পরে তাকে সাময়িক বরখাস্ত করা হয়।
এ ঘটনার তদন্তে একটি কমিটিও কাজ করছে।
ওই ঘটনার দুই দিন পর শুক্রবার ভোরে যাত্রাবাড়ীর মীরহাজিরবাগে ডিএসসিসির পরিচ্ছন্নতা পরিদর্শক বিকাশ চন্দ্র দাশকে এসআই আরশাদ হোসেন আকাশসহ কয়েকজন পুলিশ সদস্য মারধর করে বলে অভিযোগ পাওয়া যায়।
বিকাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় এসআই আরশাদকে সাময়িকভাবে বরখাস্তের পাশাপাশি ঘটনা তদন্তে তিন সদস্যের একটি কমিটি করেছে মহানগর পুলিশ।
