আশুলিয়ায় ব্যাংক ডাকাতির মামলায় অভিযোগ গঠন পেছাল
সাভারের আশুলিয়ায় কমার্স ব্যাংকে ডাকাতি ও আটজনকে হত্যার মামলায় অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে দিয়েছে আদালত।
আসামিদের সময়ের আবেদনের শুনানি নিয়ে সোমবার ঢাকার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এস এম কুদ্দুস জামান আগামী ২১ জানুয়ারি নতুন তারিখ রেখেছেন।
আদালতের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি খন্দকার আবদুল মান্নান এ তথ্য নিশ্চিত করেছেন।
“শুনানিতে আসামিপক্ষ মামলার স্বীকারোক্তিমূলক জবানবন্দীসহ আরও প্রয়োজনীয় কাগজপত্র হাতে পায়নি জানিয়ে সময়ের আবেদন করে। আবেদন শুনে আদেশ দেন বিচারক।”
এদিন পলাতক আসামি পলাশ ওরফে সেহেল রানার জন্য রাষ্ট্রীয় খরচে মো. মিজানুর রহমানকে আইনজীবী হিসেবে নিয়োগ দেন বিচারক।
এছাড়া আরেক আসামি মাহফুজুল ইসলাম ওরফে আজিম ওরফে শামীম ওরফে জামিলের পক্ষেও একজন আইনজীবী নিয়োগ করা হয়।
অন্য আসামিদের পক্ষে ছিলেন আইনজীবী ফারুক আহম্মদ।
গত ৭ জানুয়ারি মামলার অভিযোগপত্র আমলে নিয়ে ১৮ জানুয়ারি অভিযোগ গঠনের শুনানির দিন রাখা হয়েছিল।
গত বছরের ২১ এপ্রিল আশুলিয়ার কাঠগড়া বাজারে কমার্স ব্যাংকের শাখায় ডাকাতিতে বাধা দিলে ব্যাংক কর্মচারীসহ আটজনকে ছুরিকাঘাত ও গুলি করে হত্যা করা হয়। পরে গ্রেপ্তার আসামিদের কাছ থেকে লুটের ছয় লাখ সাত হাজার টাকা উদ্ধার হয়।
এ মামলায় গত ১ ডিসেম্বর পুলিশ ১১ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়।
আসামিরা হলেন- বোরহানউদ্দিন, সাইফুল আলামিন, বাবুল সরদার, মিন্টু প্রধান, মো. জসীমউদ্দিন, আব্দুল বাতেন, মোজাম্মেল হক, উকিল হাসান, মাহফুজুল ইসলাম, শাজাহান জমাদ্দার ও পলাশ ওরফে সোহেল রানা।
এদের মধ্যে বাবুল সরদার, মিন্টু প্রধান, উকিল হাসান ও শাজাহান জমাদ্দার বাদে অন্যরা জেএমবির সদস্য।
এর আগে সাতজন ঘটনার দায় স্বীকার করে হাকিমের কাছে স্বীকারোক্তিমূলক জাবনবন্দী দিয়েছিল।
আসামিদের মধ্যে মাহফুজুল ইসলাম জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের একজন শীর্ষ নেতা বলে দাবি পুলিশের।
গত মে মাসে ঢাকার বাড্ডা থেকে তাকে গ্রেপ্তারের সময় ঢাকা জেলা পুলিশের সাভার সার্কেলের সহকারী সুপার নাজমুল হাসান ফিরোজ জানিয়েছিলেন, ডাকাতির ঘটনায় মাহফুজ ছিলেন ‘অপারেশন কমান্ডার’।
