আশুলিয়ায় ব্যাংক ডাকাতির অভিযোগ গঠনের শুনানি ১৮ জানুয়ারি
ঢাকার আশুলিয়ার কাঠগড়া বাজারে ব্যাংক ডাকাতির মামলায় জেএমবির সাত সদস্যসহ ১১ জনের বিরুদ্ধে দেওয়া অভিযোগপত্র আমলে নিয়ে আগামী ১৮ জানুয়ারি অভিযোগ গঠনের শুনানির তারিখ ধার্য করা হয়েছে।
বৃহস্পতিবার ঢাকার জেলা ও দায়রা জজ এসএম কুদ্দুস জামান এ দিন ধার্য করেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান আদালতের পেশকার নারায়ণ চন্দ্র সাহা।
গত ১ ডিসেম্বর মামলার তদন্ত কর্মকর্তা আশুলিয়া থানার পরিদর্শক তাদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
ওই ১১ জন হলেন- বোরহানউদ্দিন, সাইফুল আলামিন, বাবুল সরদার, মিন্টু প্রধান, মো. জসীমউদ্দিন, আব্দুল বাতেন, মোজাম্মেল হক, উকিল হাসান, সাইফুল ইসলাম, শাজাহান জমাদ্দার ও পলাশ ওরফে সোহেল রানা।
বাবুল সরদার, মিন্টু প্রধান, উকিল হাসান ও শাজাহান জমাদ্দার ছাড়া অন্যরা নিষিদ্ধিঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির সদস্য। পলাশ পলাতক রয়েছেন।
গত বছরের ২১ এপ্রিল আশুলিয়ার কাঠগড়া বাজার এলাকায় বাংলাদেশ কমার্স ব্যাংকের শাখায় ডাকাতি হয়।
ডাকাতিতে বাধা দিলে ব্যাংকের কর্মচারীসহ আটজনকে ছুরিকাঘাত ও গুলি করে হত্যা করা হয়।
গ্রেপ্তারকৃত আসামিদের কাছ থেকে ব্যাংক থেকে লুটে নেওয়া ছয় লাখ সাত হাজার ২৫৫ টাকা উদ্ধার করা হয়।
ডাকাতির ঘটনায় জেএমবির একাধিক সদস্য আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
