হট্টগোলে ছাত্র ইউনিয়নের নগর কাউন্সিল বাতিল
নতুন নেতৃত্ব নির্বাচন নিয়ে বাকবিতণ্ডার জের ধরে হট্টগোল ও বিশৃঙ্খলার কারণে বামপপন্থি সংগঠন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ঢাকা মহানগর শাখার কাউন্সিল বাতিল করা হয়েছে।
রোববার সন্ধ্যায় পুরানা পল্টনে মুক্তি ভবনের মৈত্রী মিলনায়তনে এ ঘটনার পর রাতে এক বিবৃতি পাঠিয়ে ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় কমিটি কাউন্সিল বাতিলের সিদ্ধান্ত জানায়।
সংগঠনের সভাপতি লাকী আক্তার ও সাধারণ সম্পাদক জি এম জিলানী শুভ’র পাঠানোর বিবৃতিতে বলা হয়, “ছাত্র ইউনিয়নের গঠনতন্ত্রের ৫৬/গ ধারা অনুযায়ী, শৃঙ্খলাভঙ্গের দায়ে ঢাকা মহানগর সংসদের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।সেই সাথে ৩৭তম মহানগর সম্মেলন পরবর্তী কাউন্সিল বাতিল ঘোষণা করা হয়েছে।”
এবিষয়ে জানতে চাইলে লাকী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কাউন্সিল চলাকালীন সময়ে নেতাকর্মীদের মধ্যে তর্কাতর্কির এক পর্যায়ে হট্টগোল শুরু হলে সংগঠনের বিধি মোতাবেক মহানগর কাউন্সিল বাতিল করা হয়।”
শুক্রবার তেজগাঁও কলেজ অডিটোরিয়ামে কাউন্সিল অধিবেশন শুরু হলেও নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ না হওয়ায় রোববার সন্ধ্যা পর্যন্ত মুলতবি ঘোষণা করা হয় বলে ছাত্র ইউনিয়নের সভাপতি জানান।
সংগঠনের দপ্তর সম্পাদক জ্যোতিময় চক্রবর্তী জানান, কাউন্সিল সামনে রেখে মহানগর কমিটিতে ২৯ জনের নাম প্রস্তাব করা হয়। কিন্তু নেতাকর্মীদের মধ্যে শেষ পর্যন্ত সমঝোতা হয়নি।
এর আগে বৃহস্পতিবার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে ছাত্র ইউনিয়নের ঢাকা মহানগর শাখার সম্মেলনের অনুষ্ঠানিক উদ্বোধন করেন শিক্ষাবিদ অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী।
