এইমস ও গ্রামীণ ওয়ান: আপিলেও স্থগিতাদেশ পায়নি বিএসইসি
দশ বছর সময় বেঁধে দিয়ে মেয়াদোত্তীর্ণ ক্লোজড-এন্ড মিউচুয়াল ফান্ড বন্ধ করতে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি যে সিদ্ধান্ত দিয়েছে, তা এইমস ওয়ান ও গ্রামীণ ওয়ান মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে অবৈধ ঘোষণা করে হাই কোর্ট দেওয়া রায় স্থগিত হয়নি।
হাই কোর্টের রায়ের বিরুদ্ধে বিএসইসি, ব্র্যাক ব্যাংক ও বাংলাদেশ জেনারেল ইনসুরেন্স কোম্পানি লিমিটেডের (বিজিআইসি) করা তিনটি আবেদন শুনে আপিল বিভাগ সোমবার এ বিষয়ে স্থিতাবস্থা বজায় রাখতে বলেছে। সেইসঙ্গে ১ ফেব্রুয়ারির মধ্যে নিয়মিত লিভ টু আপিল করতে বলেছে তিন আবেদনকারীকে।
প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বে চার সদস্যের আপিল বেঞ্চ এই আদেশ দেয়।
এর ফলে পুঁজিবাজারে এইমস ওয়ান ও গ্রামীণ ওয়ান মিউচুয়াল ফান্ডের লেনদেন চলবে এবং ৩১ ডিসেম্বরের মধ্যে ফান্ডের অবসায়নে আপাতত আর কোনো বাধ্যবাধকতা রইল না বলে জানিয়েছেন এইমসের আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ মেহেদী হাসান চৌধুরী।
আদালতে বিএসইসির পক্ষে শুনানি করেন অ্যার্টনি জেনারেল মাহবুবে আলম। ব্র্যাক ব্যাংকের পক্ষে ছিলেন আইনজীবী এম এম আমিন উদ্দিন; বিজিআইসির পক্ষে আইনজীবী এম কামরুল হক সিদ্দিকী।
এইমস ওয়ান ও গ্রামীণ ওয়ানের পক্ষে ব্যারিস্টার মোহাম্মদ মেহেদী হাসান চৌধুরী ছাড়াও শুনানি করেন ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। আর রিট আবেদনকারী পক্ষে ছিলেন ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ ও আইনজীবী মো. আসাদুজ্জামান।
২০১০ সালের ২৪ জানুয়ারি বাংলাদেশ সিকিউরিটজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) এক নির্বাহী আদেশে বলা হয়, ক্লোজড-এন্ড মিউচুয়াল ফান্ডের মেয়াদ হবে দশ বছর এবং যেসব ফান্ডের মেয়াদ দশ বছর পেরিয়ে গেছে তা অবিলম্বে বন্ধ করতে হবে। এই আদেশের পরও বিএসইসি একাধিকবার মিউচ্যুয়াল ফান্ডের মেয়াদ বাড়ায়।
এর পর ২০১৪ সালের ২৫ ও ২৬ জুন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (মিউচ্যুয়াল ফান্ড) বিধিমালা, ২০০১ এর বিধি ৫০ (খ) অনুযায়ী, এইমস ও গ্রামীণ মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটহোল্ডারদের সভায় ফান্ড দুটির মেয়াদ সবোর্চ্চ অনুরূপ একটি মেয়াদের (১০ বছর) জন্য বর্ধিত করার পক্ষে সর্বসম্মত সিদ্ধান্ত হয়।
কিন্তু ইউনিটহোল্ডারদের সিদ্ধান্ত নাকচ করে বিএসইসি আগের নির্দেশনার ধারাবাহিকতায় ২০১৫ সালের ২৯ জুন অনুষ্ঠিত এক সভায় ওই বছরের ৩১ ডিসেম্বরের মধে্যে ফান্ড দুটির রূপান্তর/ অবসায়নের সিদ্ধান্ত নেয়।
বিএসইসির ওই নির্বাহী আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে এইমস ও গ্রামীণ ওয়ান মিউচুয়াল ফান্ডের একজন ইউনিট হোল্ডার আলী জামান গত সেপ্টেম্বরে রিট আবেদন করেন। প্রাথমিক শুনানি নিয়ে গত ২৬ সেপ্টেম্বর হাই কোর্ট রুলসহ বিএসইসির নির্বাহী আদেশের ওপর স্থগিতাদেশ দেয়।
রুলের ওপর শুনানি শেষে গত ১৫ ডিসেম্বর হাই কোর্টের একটি দ্বৈত বেঞ্চ মেয়াদোত্তীর্ণ ক্লোজড-এন্ড মিউচুয়াল ফান্ড বন্ধে (রূপান্তর/ অবসায়ন) বিএসইসির সিদ্ধান্ত এইমস ও গ্রামীণ ওয়ান মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে অবৈধ ঘোষণা করে রায় দেয়। এ আদেশের ওপর স্থগিতাদেশ চেয়ে বিএসইসি চেম্বার বিচারপতির আদালতে আবেদন করে।
গত ১৭ ডিসেম্বর অবকাশকালীন চেম্বার বিচারপতিএ এ আবেদন শুনে উভয়পক্ষকে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দিয়ে আবেদন আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠিয়ে দেন।
এর মধে্যে বিএসইসির পক্ষ নিয়ে এইমসের কাস্টডিয়ান ব্র্যাক ব্যাংক ও এমইস মিউচুয়াল ফান্ডের ট্রাস্টি বিজিআইসিও আলাদা আবেদন করে। এই তিন আবেদনের ওপর রোববার শুনানির পর সোমবার আদেশ দেয় আদালত।
প্রসঙ্গত, ফান্ডের কাস্টডিয়ান হয়েও ব্র্যাক ব্যাংক বিনিয়োগকারী হিসেবে মামলায় পক্ষভুক্ত হওয়ার পর এর বিরুদ্ধে আইন লঙ্ঘন করে ‘ইনসাইডার ট্রেডিং’-এর অভিযোগ উঠে।
