দূতাবাস কর্মকর্তাদের অনিয়মে ক্ষতি ৩ কোটি টাকা
বিভিন্ন দেশে বাংলাদেশ দূতাবাসে অনিয়ম এবং কর্মকর্তারা অবৈধ সুযোগ-সুবিধা নেওয়ায় ২০০৬ থেকে ২০১১ সালের মধ্যে সরকারের তিন কোটি ২১ লাখ ৯১ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে একটি প্রতিবেদনে উঠে এসেছে।
মহা-হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের নিরীক্ষা বিভাগের ওই প্রতিবেদন নিয়ে রোববার সংসদ ভবনে সরকারি হিসাব কমিটির বৈঠকে আলোচনা হয়েছে।
সুবিধাভোগী ও ক্ষতির জন্য দায়ী ব্যক্তিদের কাছ থেকে এই টাকা আদায় করতে বলেছে কমিটি।
কুয়ালালামপুর, মালে, ইয়াংগুন, মানামা, দোহা, থিম্পু, ব্রাসেলস, লন্ডন, তাসখন্দ, হংকং, টোকিও, জেদ্দা, মাদ্রিদ, বেইজিং, কলম্বো, লস এঞ্জেলেস, প্যারিস ও অটোয়াসহ কয়েকটি দেশের বাংলাদেশ দূতাবাস ও মিশনে এসব অনিয়ম হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, পররাষ্ট্র কর্মকর্তারা বিভিন্ন ধরনের ভাতা ডলারের পরিবর্তনে ইউরোতে গ্রহণ, অতিরিক্ত বিমান ভাড়া ও ভ্রমণ ভাতা গ্রহণ, অননুমোদিত শিক্ষা ভাতা গ্রহণ, ব্যক্তিগত গাড়ির পরিবহন খরচ ও অননুমোদিত বদলির সুবিধা গ্রহণ করাসহ অন্যান্য অনিয়মের কারণে সরকারের এই আর্থিক ক্ষতি হয়েছে।
কমিটির সদস্য রুস্তম আলী ফরাজী সাংবাদিকদের বলেন, “পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন দূতাবাসে কিছু অনিয়ম হয়েছে।কমিটি এসব বিষয়ে নিরীক্ষা বিভাগের প্রতিবেদনের আলোকে ব্যবস্থা নিতে বলেছে।
“অর্থ মন্ত্রণালয় ও নিরীক্ষা বিভাগের কর্মকর্তাদের সঙ্গে আলাপ–আলোচনা করেই কমিটি এই সিদ্ধান্ত নিয়েছে।”
বৈঠকের কার্যপত্র থেকে জানা যায়, মালয়েশিয়ার কুয়ালালামপুরে খেলাপি রিক্রুটিং এজেন্সির কাছ থেকে শেল্টার হাউজ ব্যবহারের পাওনা আদায় না হওয়ায় ৯৬ লাখ ৩৫ হাজার টাকার ক্ষতি হয়েছে।
লন্ডন ও ব্রাসেলসসহ আরও কয়েকটি দূতাবাসে ১৩ জন কর্মকর্তাকে অতিরিক্ত বিমান ভাড়া দেওয়ায় সরকারের ৮৩ লাখ ৮৫ হাজার টাকার ক্ষতি হয়।চারজন কর্মকর্তা অগ্রিম ভ্রমণ ভাতা গ্রহণ করে পরে তা সমন্বয় করেননি। এতে ক্ষতির পরিমাণ ৪০ লাখ ১৭ হাজার টাকা।
পাঁচজন কর্মকর্তা বরাদ্দের অতিরিক্ত শিক্ষা ভাতা গ্রহণ করায় ৩২ লাখ ৫৮ হাজার টাকার ক্ষতি হয় ব্রাসেলস, টোকিও, হংকং ও জেদ্দার দূতাবাসে।
জেদ্দা, মাদ্রিদ ও বেইজিংয়ে সাতজন কর্মকর্তা টাকার রসিদ ছাড়া তাদের সন্তানের জন্য শিক্ষা ভাতা গ্রহণ করায় সরকারের ২১ লাখ ৪০ হাজার টাকার ক্ষতি হয়। নিরাপত্তা জামানতের টাকা আদায়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ না করায় ১৬ লাখ হাজার টাকার ক্ষতি হয় কলম্বো ও প্যারিসে।
অটোয়াতে দুই কর্মকর্তা ব্যক্তিগত গাড়ির জন্য পরিবহন খরচ গ্রহণ করায় ক্ষতির পরিমাণ ১০ লাখ ৩০ হাজার টাকা।
