২৪ ঘণ্টার মধ্যে শিক্ষকদের ‘ক্লাসে ফেরাতে’ রিট
বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ২৪ ঘণ্টার মধ্যে ক্লাসে ফেরানোর নির্দেশনা ও তাদের চলমান কর্মবিরতির ওপর নিষেধাজ্ঞা চেয়ে রিট করেছেন এক আইনজীবী।
রিটে অর্থ সচিব, মন্ত্রিপরিষদ সচিব, শিক্ষা সচিব, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি ও সেক্রেটারিসহ ৯ জনকে বিবাদী করা হয়েছে।
রোববার সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুস আলি আকন্দ হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই আবেদন করেন।
সোমবার আবেদনের ওপর শুনানি হতে পারে জানিয়েছেন আইনজীবী ইউনুল আলী আকন্দ।
প্রায় নয় মাস আগে অষ্টম বেতন কাঠামোর প্রস্তাব আসার পর গ্রেডে মর্যাদার অবনমন, টাইম স্কেল ও সিলেকশন গ্রেড বাতিলের প্রতিবাদে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আন্দোলন শুরু করেন।
পরে শিক্ষকদের দাবি পর্যালোচনায় একটি কমিটি গঠন করে। কমিটির সভাপতি অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত গত ৬ ডিসেম্বর শিক্ষকদের নিয়ে বৈঠকও করেন।
বৈঠকে অর্থমন্ত্রী শিক্ষকদের তিনটি দাবি মেনে নেওয়ার প্রতিশ্রুতি দিলেও ১০ দিন পর প্রকাশিত গেজেটে তার কোনো প্রতিফলন দেখা যায়নি বলে গত ২ জানুয়ারি এক সংবাদ সম্মেলনে অভিযোগ করেন শিক্ষকরা।
দাবি পূরণের জন্য তারা ওই সংবাদ সম্মেলন থেকে ১১ তারিখ পর্যন্ত সময় বেঁধে দেন। সময়সীমা শেষ হওয়ার পর দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা লাগাতার কর্মবিরিত শুরু করেন।
রোববার তাদের কর্মবিরতি টানা সপ্তম দিনের মতো চলছে।
এদিকে শিক্ষকদের লাগাতার কর্মবিরতির পঞ্চমদিনে সংকটের ‘সমাধানের কাছাকাছি’ পৌঁছানোর ইঙ্গিত পাওয়া মেলে সবপক্ষের কাছ থেকে।
সরকারের সঙ্গে শিক্ষকদের আলোচনার কোনো সিদ্ধান্ত শুক্রবার পর্যন্ত আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। অষ্টম বেতন কাঠামো নিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের আপত্তির বিষয়গুলো কীভাবে নিরসন হবে- সে বিষয়েও স্পষ্ট কোনো বক্তব্য পাওয়া যায়নি।
তবে শিক্ষা ও অর্থ মন্ত্রণালয় এবং শিক্ষক প্রতিনিধিদের সঙ্গে কথা বলে বোঝা গেছে, নতুন সপ্তাহের শুরুতেই এ সঙ্কটের সমাধান আশা করছেন তারা।
‘শিগগিরই’ সমাধানের আশার কথা শুনিয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ শুক্রবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তারা ‘কাছাকাছি’ পৌঁছে গেছেন।
শিক্ষকদের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হওয়ার কথা জানিয়েছিলেন তিনি।
আর আন্দোলনের নেতৃত্বে থাকা বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদও রোববারের মধ্যে সমস্যার সমাধানের আশা প্রকাশ করেছিলেন।
