২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রিভিউ আবেদন: খালাস চান যুদ্ধাপরাধী সাঈদী

যুদ্ধাপরাধী দেলাওয়ার হোসাইন সাঈদীর আপিলে সাজা কমিয়ে দেওয়া হলেও সেই রায় পুনর্বিবেচনার আবেদন করে খালাস চেয়েছেন এই জামায়াত নেতা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2016, 12:53 PM

Updated : 20 Aug 2022, 11:37 AM

রোববার তার আইনজীবীরা ‍সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিভিউ আবেদন জমা দেন। এতে অ্যাডভোকেট অন রেকর্ড হিসেবে আছেন জয়নুল আবেদিন তুহিন।

পরে সাঈদীর আইনজীবী ব্যারিস্টার তানভীর আহমেদ আল আমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ট্রাইব্যুনালের রায়ে তাকে আটটি চার্জে দণ্ড দেওয়া হয়। আপিল বিভাগের রায়ে সাড়ে তিনটি চার্জে তাকে অব্যাহতি দেয়া হয়। সংখ্যাগরিষ্ঠ রায়ে দণ্ড দেওয়া হয় সাড়ে ৪ টিত। এই দণ্ড থেকে খালাস চেয়ে রিভিউ করা হয়েছে।”

৯০ পৃষ্ঠার মূল রিভিউ আবেদনের সঙ্গে আপিল বিভাগের রায়ও সংযুক্ত করা হয়েছে বলে জানান তিনি।

রাষ্ট্রপক্ষও ইতোমধ্যে আপিলের ওই রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন করেছে। সেখানে ট্রাইব্যুনালের সাজা পুনর্বহাল চাওয়া হয়েছে।

রিভিউ আবেদন দায়েরের পর সাঈদীর প্রধান আইনজীবী খন্দকার মাহবুব হোসেন সাংবাদিকদের বলেন, “আমরা সাঈদীকে এই মামলা থেকে সম্পূর্ণভাবে খালাস দেওয়ার জন্য রিভিউ ফাইল করেছি।

“আমরা মনে করি যে সাক্ষী-প্রমাণ যেটা আছে, আপিল বিভাগ আমাদের সেই রিভিউ আবেদনটা পর্যালোচনা করে করে যে সাজাগুলো বহাল রেখেছে, সেখান থেকেও আমরা মুক্তি পাব।”

আমৃত্যু সাজা তুলে মৃত্যুদণ্ড চেয়ে যে অন্য রিভিউ আবেদন হয়েছে, তার কোনো আইনি বৈধতা নেই দাবি করে খন্দকার মাহবুব বলেন, সরকার ‘চাপ’ সৃষ্টির জন্য তা করেছে।

এ বিষয়ে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সাংবাদিকদের বলেন, “কার রিভিউতে কী রকম গ্রাউন্ড আছে, তা আদালতের বিচারেই নিষ্পত্তি হবে। আমি যে গ্রাউন্ডগুলো দিয়েছি তাতে ষ্পষ্ট করে বলেছি এখানে আইনের ব্যাখ্যাটা সঠিকভাবে নেওয়া হয়নি।

“আমরা বিবেচনায় রিভিউর (সরকার পক্ষের) সঠিক গ্রাউন্ড আছে এবং কোনো রকম চাপ সৃষ্টির জন্য এসমস্ত গ্রাউন্ড নেওয়া হয়নি।”

যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে প্রথম অভিযুক্ত ব্যক্তি হিসাবে জামায়াতে ইসলামীর নায়েবে আমির সাঈদীর বিচার শুরু হয়েছিল ২০১১ সালের ৩ অক্টোবর। হত্যা, ধর্ষণ, লুটপাট, নির্যাতন ও ধর্মান্তরে বাধ্য করার মতো মানবতাবিরোধী অপরাধের দায়ে ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি তাকে মৃত্যুদণ্ড দেয় ট্রাইব্যুনাল।

এরপর সাঈদী আপিল করলে গতবছর ১৭ সেপ্টেম্বর পাঁচ বিচারকের বেঞ্চ সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে যে রায় দেয়, তাতে সাজা কমে আমৃত্যু কারাদণ্ডের আদেশ আসে।

আপিলের রায়ে ১০, ১৬ ও ১৯ নম্বর অভিযোগে হত্যা, নিপীড়ন, অপহরণ, নির্যাতন, ধর্ষণ ও ধর্মান্তরে বাধ্য করায় সাঈদীকে ‘যাবজ্জীবন’ কারাদণ্ড দেয়া হয়। যাবজ্জীবন বলতে ‘স্বাভাবিক মৃত্যুর সময় পর্যন্ত’কারাবাস বোঝাবে বলে ব্যাখ্যা দেয় আদালত।

এছাড়া ৮ নম্বর অভিযোগের একাংশের জন্য সাঈদীকে ১২ বছরের সশ্রম কারাদণ্ড এবং ৭ নম্বর অভিযোগে ১০ বছর কারাদণ্ডের আদেশ দিয়েছে আপিল বিভাগ।

এর মধ্যে ৮ ও ১০ নম্বর অভিযোগে ইব্রাহিম কুট্টি ও বিসাবালীকে হত্যা এবং হিন্দু সম্প্রদায়ের বাড়ি ঘরে আগুন দেয়ার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সাঈদীর ফাঁসির রায় দিয়েছিল।

আপিলের রায়ের ১৫ মাস পর গতবছর ৩১ ডিসেম্বর সর্বোচ্চ আদালত এর পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ করলে বিষয়টি রিভিউয়ের পর্যায়ে আসে।

পুরনো খবর:

রাজাকার সাঈদীর আপিলের পূর্ণাঙ্গ রায় প্রকাশ
সাঈদীর রায়: রিভিউ চেয়েছে রাষ্ট্রপক্ষ