২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

যাত্রাবাড়ীর সেই এসআই আরশাদ বরখাস্ত

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) পরিদর্শক (পরিষ্কার ও পরিচ্ছন্ন) বিকাশ চন্দ্র দাশকে ‘মারধরের’ অভিযোগ ওঠার পর যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আরশাদ হোসেন আকাশকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2016, 11:50 PM

Updated : 12 Apr 2022, 01:13 AM

পুলিশের গণমাধ্যম শাখার উপ কমিশনার মো. মারুফ হোসেন সরদার শনিবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শনিবার আরশাদকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।”

শুক্রবার ভোরে মীরহাজীর বাগ এলাকায় ডিএসসিসি পরিদর্শক বিকাশকে যাত্রাবাড়ী থানার এসআই আরশাদ মারধর করেন বলে হাসপাতালে তার স্বজনরা অভিযোগ করেন।

শনিবার সকালে এসআই আরশাদকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার কথা জানান যাত্রাবাড়ী থানার ওসি অবনী শংকর কর।

যাত্রাবাড়ীর ঘটনা তদন্তে শনিবারই তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে মহানগর পুলিশ।

মহানগর পুলিশের যুগ্ম কমিশনার (ট্রাফিক-দক্ষিণ) বনোজ কুমার মজুমদার নেতৃত্বাধীন কমিটির অপর দুই সদস্য হলেন গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার (পূর্ব) মাহবুব আলম ও ওয়ারি বিভাগের উপ-কমিশনার সৈয়দ নুরুল ইসলাম।

তিন কর্মদিবসের মধ্যে তাদের প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে বলেও জানান উপ কমিশনার মারুফ।

যাত্রাবাড়ীর ঘটনার আগে মোহাম্মদপুর থানার এসআই মাসুদ শিকদারের বিরুদ্ধে বাংলাদেশ ব্যাংকের কমিউনিকেশন বিভাগের কর্মকর্তা গোলাম রাব্বী অভিযোগ করেন, তাকে আটক করে থানায় না নিয়ে প্রায় আড়াই ঘণ্টা গাড়িতে রেখে টাকা আদায়ের চেষ্টা চালানো হয়।

এক সপ্তাহের মধ্যে রাজধানীতে পুলিশের হাতে নির্যাতনের ওই দুই অভিযোগ তদন্তে শুক্রবার তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে পুলিশ সদর দপ্তর।

কমিটি শনিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রাব্বীকে জিজ্ঞাসাবাদ করেছে। তবে ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন বিকাশকে জিজ্ঞাসাবাদ করেছে কি না- তা জানা যায়নি।

পুরনো খবর:

এবার ডিসিসি কর্মকর্তাকে ‘পেটানোর’ অভিযোগ পুলিশের বিরুদ্ধে