২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শুধু রাজস্ব নয়, সেবার দিকেও নজর দিতে হবে: আইনমন্ত্রী

জনসাধারণের কাছ থেকে রাজস্ব আদায়ের পাশাপাশি তাদের সেবা দেওয়ার বিষয়ে অগ্রাধিকার দিয়ে নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করতে দেশে নিবন্ধন সেবাদাতা সরকারি কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2016, 07:22 PM

Updated : 11 Oct 2022, 07:36 PM

শুক্রবার রাজধানীতে নিবন্ধন পরিদপ্তরের কর্মকর্তাদের সংগঠনের বার্ষিক সাধারণ সভায় তিনি এ আহ্বান জানান।

আইনমন্ত্রী বলেন, উন্নয়নের অভিযাত্রায় দেশের সাধারণ মানুষের সার্বিক কল্যাণকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।

“তাই সরকারকে যথাযথ নিয়মে রাজস্ব প্রদানের পাশাপাশি আপনারা সেবাগ্রহীতা জনসাধারণের কল্যাণের বিষয়টি অগ্রাধিকার দিয়ে নিষ্ঠা ও আন্তরিকতার সাথে কাজ করবেন আপনাদের কাছে আমার এই প্রত্যাশা।”

দুপুরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশনের (বিআরএসএ) বার্ষিক সাধারণ সভা-২০১৬’র উদ্বোধনী পর্বের প্রধান অতিথি ছিলেন আইনমন্ত্রী।

বিআরএসএর সদস্যদের প্রতি আইনমন্ত্রী বলেন, “আপনাদের কাছে প্রত্যাশা থাকবে, রেজিস্ট্রেশন বিভাগের উন্নয়নে বর্তমান সরকার ইতিমধ্যে যেসব কর্মসূচি বাস্তবায়ন করেছে এবং যেসবের বাস্তবায়ন অব্যাহত রয়েছে তার যথাযথ প্রয়োগ ও ব্যবহারের মাধ্যমে আপনারা জনগণের সর্বোচ্চ সেবা নিশ্চিত করবেন।

“নিষ্ঠা, দক্ষতা ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করে অন্যের জন্য অনুসরণী হয়ে উঠুন।” 

স্বাগত বক্তব্যে সংগঠনের মহাসচিব মো. মাহফুজুর রহমান খান বলেন, বিগত অর্থবছরে নিবন্ধন খাত থেকে সরকারের ১০ হাজার ৭৫৩ কোটি টাকা রাজস্ব আয়, যার বিপরীতে ব্যয় হয়েছে মাত্র ১৩৩ কোটি ২৯ লাখ টাকা।

পারদর্শিতায় উন্নয়ন হলেও এ বিভাগে বিরাজমান বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন মাহফুজুর রহমান।

কর্মকর্তাদের বদলি, অফিসের গ্রেডেশন পুননির্ধারণ, কর্মকর্তাদের প্রশিক্ষণ, অবকাঠামো সমস্যা, নকলনবীশদের পারিশ্রমিক বিল, জেলা রেজিস্ট্রারদের গাড়ি প্রদান, শূণ্য পদ পূরণ ও রেকর্ড রুমের নিরাপত্তা নিশ্চিত করাসহ বেশ কিছু বিষয়ে তুলে ধরেন তিনি।

এছাড়া নিবন্ধন পরিদপ্তরকে অধিদপ্তরে উন্নীতকরণ, জেলা রেজিস্ট্রারদের বেতন বৈষম্যদূরীকরণ ও ডিজিটাল রেজিস্ট্রেশন পদ্ধতি বাস্তবায়নের ওপর জোর দেন বিআরএসএ মহাসচিব।

কর্মকর্তাদের প্রশিক্ষণ বিষয়ে আনিসুল হক জানান, জনপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (পিএটিসি) সম্মতি নিয়ে সরকার নিবন্ধন পরিদপ্তরের সবার জন্য প্রশিক্ষণের উদ্যোগ নিচ্ছে।

“এটাকে (নিবন্ধন) বলা হয় নার্ভ সেন্টার অব দ্য কান্ট্রি। এখানে যদি কোনো গণ্ডগোল হয়, তাহলে লিটিগেশন যেটা আছে সেটা আজকের পরিমাণ, যা আছে তার থ্রি টাইমস বাড়বে।”

সভায় উঠা রেকর্ডরুমের নিরাপত্তার জন্য সিসি ক্যামেরা বসানোর বিষয়ে আইনমন্ত্রী বলেন, “থেফ্টের দায়িত্ব শুধু সিসিটিভি দিয়ে শেষ করা যাবে না।... আমার মনে হয় যারা রেকর্ড রুমের তত্ত্বাবধানে আছেন তারা যদি নিজের মনে করে এই কাজটা করেন, নিজের মনে করে যদি অভিভাবকত্ব গ্রহণ করেন, তাহলে পরে আমার বিশ্বাস সিসি টিভি যতটুকু কাজ করবে তার বেশি কাজ তাতে হবে।”

দলিল নিবন্ধন পদ্ধতি আধুনিকায়ন ও ডিজিটালাইজেশনের বিষয়ে তিনি বলেন, “দুটি উচ্চ পর্যায়ের কমিটি ২০১০ সাল থেকে কাজ করছে। আমি আপনাদেরকে কথা দিতে পারি, আগামী কিছুদিনের মধ্যে এ কাজ শুরু করার ইচ্ছা আমাদের আছে।”

নিবন্ধন পরিদপ্তরকে অধিদপ্তরে রূপান্তরের বিষয়ে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, “এবিষয়ে আমার পক্ষ থেকে আপনাদের প্রয়োজনে সাধ্যমত সবটুকু করা হবে। এ ব্যাপারে প্রধানমন্ত্রীর সাথে কথা বলেছি, এই দাবির ব্যপারে তিনি অত্যন্ত সহানুভূতিশীল।

কর্মকর্তাদের বদলি ও অফিসের গ্রেডেশন পুনর্নির্ধারণ বিষয়ে আইনমন্ত্রী বলেন, এখন থেকে জুন-জুলাই ও ডিসেম্বরে বদলি হবে। অফিসের গ্রেডেশন পূর্নবিন্যাস করা হবে।

“আর বাকি যে ডিমান্ডগুলো করা হয়েছে, বিল্ডিং, ট্রান্সপোর্ট ও থেফ্ট- আমি আপনাদেরকে বলতে পারি যে এগুলো বিবেচনা করছি; সমাধান করার চেষ্টা করছি।”

বিআরএসএর ভারপ্রাপ্ত সভাপতি মো. আবু তালিব খানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে আইন ও বিচার বিভাগের সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব মো. শহিদুল হক, নিবন্ধন পরিদপ্তরের মহাপরিদর্শক খান মো. আবদুল  মান্নান বক্তব্য দেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন রাজবাড়ি জেলা রেজিস্ট্রার দ্বীপক কুমার সরকার ও মুন্সীগঞ্জ সদরের সাব রেজিস্ট্রার সাবিকুন নাহার।