মগবাজারে যানজট কমাতে বিকল্প পথ ব্যবহারের পরামর্শ
রাজধানীর মগবাজারে যানজট এড়াতে তেজগাঁও সাতরাস্তার ট্রাকস্ট্যান্ড সংলগ্ন সড়কটি নগরবাসীকে ব্যবহারের পরামর্শ দিয়েছে পুলিশ।
সাত রাস্তা থেকে কারওয়ান বাজারমুখী সড়কটি এতদিন বেদখল হয়ে থাকলেও সম্প্রতি সেখানে উচ্ছেদ অভিযান চালানো হয়।
ঢাকা মহানগর পুলিশের জ্যেষ্ঠ সহকারী কমিশনার (ট্রাফিক উত্তর) আবু ইউসুফ বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তেজগাঁও ট্রাকস্ট্যান্ড থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদের পর ওই রুটে ছোট যানবাহন খুব সহজে এবং অল্প সময়ে ফার্মগেইট-কারওয়ান বাজার যেতে পারে।
অন্যদিকে ফ্লাইওভার নির্মাণের কাজ চলায় মগবাজার-মালিবাগে ব্যাপক যানজট লেগে থাকে প্রায় প্রতিদিনই।
“তাই সাতরাস্তায় অপেক্ষমান ছোট যানবাহনকে বিকল্প এই রাস্তা ব্যবহার করার জন্য অনুরোধ করছি,” বলেন ইউসুফ।
তিনি বলেন, “যারা সোনারগাঁও হোটেল, বাংলা মোটর বা শাহবাগ, এমন কি গুলিস্তান মতিঝিল যেতে চান। তারা মগবাজার দিয়ে যাওয়ার চেষ্টা না করে এই বিকল্প রাস্তা দিয়ে অনেক আগেই গন্তব্যে যেতে পারবেন। এতে মগবাজারের ওপর চাপ অনেক কমে যাবে।”
তিন সপ্তাহ আগে ওই সড়ক দখলমুক্ত হলেও অনেক গাড়িচালক বিষয়টি জানেন না। এজন্য সেখানে সাইনবোর্ড ঝোলানো হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা ইউসুফ।
