মিরপুরে প্রতিবন্ধী পোশাককর্মীকে ধর্ষণের অভিযোগ
রাজধানীর মিরপুরে বাক প্রতিবন্ধী এক পোশাক কর্মীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।
স্বজনরা মেয়েটিকে বৃহস্পতিবার বিকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনলে স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে ওসিসিতে নেওয়া হয় বলে মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক জানিয়েছেন।
মিরপুরের সেনরোজ গার্মেন্টসের কর্মী মেয়েটি এক ছোট ভাই ও বোন নিয়ে মিরপুরের বেনারসীপল্লীর একটি বস্তিতে থাকেন।
ওই এলাকার ভ্যানচালক সিদ্দিকের সঙ্গে তার বিয়ের কথা চলছিল বলে মেয়েটির প্রতিবেশী মো. খোকন জানান।
ভাষানটেক থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, গত তিনদিন ধরে মেয়েটির কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না।
“এক পর্যায়ে স্থানীয়রা জানতে পারে সিদ্দিক তাকে নিয়ে বেনারসীপল্লীর কাছেই সিআরপি হাসপাতাল সংলগ্ন জাহাঙ্গীরের বস্তিতে একটি রুম ভাড়া নিয়ে গত পরশু রাত্রিযাপন করেছে।
“বিষয়টি তার ভাই জানতে পেরে বৃহস্পতিবার সকালে ওই বাসায় গিয়ে তাকে নিজেদের বাড়ি নিয়ে আসার চেষ্টা করলে ফেরার পথে সিআরপি হাসপাতালের পাশে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন।”
এরপর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়।
মেয়েটির পরিবারের সদস্যদের অভিযোগের ভিত্তিতে সিদ্দিককে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে ওসি জানান।
