২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ই-সেবা বাস্তবায়নে এমওইউ সই

ই-সেবা বাস্তবায়নের সক্ষমতা ও সচেতনা বৃদ্ধিতে সমঝোতা স্মারকে (এমওইউ) সই করেছে প্রধানমন্ত্রী কার্যালয়ের একসেস টু ইনফরমেরশন প্রোগ্রাম (এটুআই) এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2016, 03:48 PM

Updated : 20 Aug 2022, 11:35 AM

বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসএসএফ ব্রিফিং রুমে এই এমওইউ স্বাক্ষরিত হয় বলে এটুআইয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এতে সই করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের মহাপরিচালক জসিম উদ্দীন আহমেদ এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) ও এটুআই প্রকল্প পরিচালক কবির বিন আনোয়ার।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই সমঝোতার আওতায় এটুআই এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর যৌথ উদ্যোগে ই-ফাইলিংসহ বিভিন্ন ই-সেবা বাস্তবায়ন করবে। এছাড়া ই-সেবা বাস্তবায়নের বিষয়ে প্রচার এবং সচেতনতা তৈরি, প্রশিক্ষণের চাহিদা নিরুপণ, প্রশিক্ষকদের জন্য প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা, কারিগরি সহায়তা প্রদান এবং সিস্টেম ব্যবহারকারীদের প্রশিক্ষণ দেওয়ার ক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর কাজ করবে।

প্রশিক্ষণ কর্মসূচিসহ সার্বিক কার্যক্রম সমন্বয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগকে সহযোগিতা দেবে এটুআই।  

এ কার্যক্রমের ফলে ই-সেবা বাস্তবায়ন সম্পর্কে নাগরিকদের সচেতনতা বৃদ্ধি পাবে এবং সংশ্লিষ্টদের সক্ষমতা বাড়ানো সম্ভব হবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।      

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শ্যাম সুন্দর সিকদার।

এছাড়া এটুআই এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।