জ্যাকবের মৃত্যুতে জাসদের শোক
বাংলাদেশের মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী ভারতীয় জেনারেল জেএফআর জ্যাকবের মৃত্যুতে গভীর শোক জানিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)।
বেশ কিছুদিন অসুস্থতার পর ভারতীয় সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত এই লেফটেন্যান্ট জেনারেল বুধবার সকালে দিল্লির একটি সামরিক হাসপাতালে মারা যান। তার বয়স হয়েছিল ৯২ বছর।
একাত্তরে পাকিস্তানি বাহিনীকে আত্মসমর্পণে রাজি করিয়ে নিজ হাতে দলিলের খসড়া লিখেছিলেন বাংলাদেশের বন্ধু জেএফআর জ্যাকব।
শোকবার্তায় জাসদ সভাপতি তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এবং সাধারণ সম্পাদক শরীফ নুরুল আম্বিয়া বলেন, “৭১ এর মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশ-ভারত যৌথ কমান্ডের প্রধান, বাংলাদেশের অকৃত্রিম বন্ধু ভারতীয় সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জেএফআর জ্যাকবের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।
“মুক্তিযুদ্ধে তার অবিস্মরণীয় অবদানের জন্য বাংলাদেশ ও বাঙালি জাতি চিরদিন তাকে স্মরণ করবে।”
মুক্তিযোদ্ধা সংসদের শোক
জেএফআর জ্যাকবের মৃত্যুতে মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে এক বিবৃতিতে শোক জানিয়ে তার আত্মার মঙ্গল কামনা করা হয়েছে।
সংগঠনের সাংগঠনিক সম্পাদক এ বি এম সুলতান আহমেদ স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, “আমরা তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই। তার অবদানের কথা বাঙালি জাতি অবনত মস্তকে স্মরণ করবে। তার বিদেহী আত্মার শান্তি কামনা করি।”
সেক্টর কমান্ডার্স ফোরামের শোক
বাংলাদেশের বন্ধু জ্যাকবের মৃত্যুতে শোক জানিয়ে সেক্টর কমান্ডার্স ফোরাম মুক্তিযুদ্ধ ৭১ এর চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল কে এম সফিউল্লাহ বীর উত্তম বলেন, “ভারতীয় মিত্র বাহিনীর এই চৌকস জেনারেল ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে যে অবদান রেখেছেন, তা আমাদের ইতিহাসের এক অমোচনীয় অধ্যায়।
“নয় মাসের যুদ্ধ শেষে পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণে প্রধান ভূমিকা রেখেছিলেন এই ভারতীয় জেনারেল। আত্মসমর্পণের খসড়া দলিলও রচনা করেছিলেন তিনি।”
