বিশ্বসাহিত্য কেন্দ্রের বই পড়ার পুরস্কার বিতরণী ১৫ জানুয়ারি থেকে
আগামী ১৫ জানুয়ারি থেকে শুরু হচ্ছে বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কার্যক্রমে পুরস্কার বিতরণী।
বিশ্ব সাহিত্য কেন্দ্রের বইপড়া কার্যক্রমে এ বছর ১৬ হাজার ৩০৮ বিজয়ী ছাত্রছাত্রীকে পুরস্কার দেওয়া হবে।
মোবাইল অপারেটর গ্রামীণফোনের সহায়তায় এ বছর ৪টি মহানগরীতে পুরস্কার বিতরণ উৎসবে প্রায় ৩০০ শিক্ষা প্রতিষ্ঠানের পুরস্কার বিজয়ীদের হাতে বই তুলে দেওয়া হবে।
বুধবার বিশ্বসাহিত্য কেন্দ্রে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
বিশ্বসাহিত্য কেন্দ্রের সভাপতি আবদুল্লাহ আবু সায়ীদের সঙ্গে গ্রামীণফোনের হেড অব এক্সটার্নাল কমিউনিকেশন্স সৈয়দ তালাত কামালও ছিলেন এই সংবাদ সম্মেলনে।
তালাত কামাল জানান, আগামী ১৫ ও ১৬ জানুয়ারি ঢাকা মহানগরীর পুরস্কার বিতরণ রমনা বটমূলে, চট্টগ্রাম মহানগরীর পুরস্কার বিতরণ চট্টগ্রাম মিউনিসিপ্যাল মডেল হাইস্কুলে ২২ জানুয়ারি, রাজশাহী মহানগরীর পুরস্কার ২৯ জানুয়ারি রাজশাহী শিক্ষা বোর্ড স্কুল এন্ড কলেজে এবং খুলনা মহানগরীর পুরস্কার আগামী ১১ মার্চ খুলনা করোনেশন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠিত হবে।
এছাড়া গ্রামীণফোনের সহযোগিতায় নির্বাচিত শিক্ষা প্রতিষ্ঠানে এবার ৩০টি ল্যাপটপ দেওয়া হচ্ছে বলে জানান তালাত কামাল।
দেশভিত্তিক উৎকর্ষ (বইপড়া) কার্যক্রমে এবার এক হাজার ৫০০ শিক্ষা প্রতিষ্ঠানের বিজয়ীদের ৬৫ হাজার বই দেওয়া হবে বলেও জানান তিনি।
আবদুল্লাহ আবু সায়ীদ জানান, ২০০৪ সাল থেকে বিশ্বসাহিত্য কেন্দ্রের এই উদ্যোগে সহযোগিতা করে আসছে গ্রামীণফোন।
বিশ্বসাহিত্য কেন্দ্র গত ৩৭ বছর ধরে সারাদেশে স্কুল-কলেজের ছাত্রছাত্রীদের বই পড়তে উদ্বুদ্ধ করতে নানা ধরনের কার্যক্রম পরিচালনা করে আসছে।
দেশভিত্তিক উৎকর্ষ (বইপড়া) কার্যক্রম এর মধ্যে উল্লেখযোগ্য কর্মসূচি। এই কর্মসূচির আওতায় প্রায় দুই হাজার শিক্ষা প্রতিষ্ঠানের ২ লাখ শিক্ষার্থী অন্তর্ভুক্ত রয়েছে।
এছাড়াও একই ধরনের বই পড়া কার্যক্রমে পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচিতে প্রায় ১০ হাজার শিক্ষা প্রতিষ্ঠানের আরও ১৫ লাখ শিক্ষার্তী বই পড়ার সুযোগ পাচ্ছে।
