জনপথের বাস যাবে টার্মিনালে
ঢাকার যানজট নিরসনে সরকারের গুরুত্বপূর্ণ দুই মন্ত্রী ও পরিবহন মালিকদের সঙ্গে বৈঠক করে বেশ কয়েকটি সিদ্ধান্ত নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।
বুধবার নগর ভবনে ওই বৈঠক শেষে মেয়র সাঈদ খোকন সাংবাদিকদের জানান, সায়েদাবাদে যানজট এড়াতে জনপথ মোড়ের বাস কাউন্টারের অধিকাংশ তুলে দেওয়া হবে।
যানজট নিরসনে সড়কের উপর গাড়ি রাখা বন্ধ, অবৈধ স্থাপনা উচ্ছেদের কাজ অচিরেই শুরুর সিদ্ধান্ত হয়েছে এই সভায়।
নৌমন্ত্রী শাজাহান খান, রেলমন্ত্রী মুজিবুল হক ছাড়াও বৈঠকে ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ, ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক দক্ষিণাঞ্চলের ডিসি খান মোহাম্মদ রেজোয়ান।
সভায় ট্রাফিক পুলিশের প্রতিনিধি রেজোয়ান বলেন, “সায়েদাবাদে যে বাস টার্মিনাল রয়েছে, সেখানে যাত্রী উঠানামা করে না। জনপথ মোড়ে আন্তঃজেলা বাসগুলো ভিড় করে, যার ফলে যানজটের সৃষ্টি হয়।”
বাস মালিক সমিতির নেতা এনায়েত বলেন, জনপথ মোড়ে প্রতিটি বাস কোম্পানির ৮ থেকে ১৭টি পর্যন্ত কাউন্টার রয়েছে। এসব কাউন্টারের কারণে সেখানে যানজট লেগে থোকে। সেখানে দুটি করে কাউন্টার রেখে বাকিগুলো ভেঙে দিন।
মেয়র সাঈদ খোকন বলেন, “বাস মালিকদের নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হবে। ওই সময়ের পর সেগুলো (কাউন্টার) ভেঙে দেওয়া হবে।”
পুনরায় যাতে সেখানে অবৈধ কাউন্টার বসতে না পারে, সেজন্য পুলিশের সক্রিয়তা প্রত্যাশা করেন তিনি।
সায়েদাবাদের পাশের ‘ওয়াসা বস্তি’ উচ্ছেদ করে সেখানে বাস রাখা নিয়েও আলোচনা হয় বৈঠকে।
গুলিস্তানে যানজটের কারণ হিসেবে কাপ্তানবাজারের মুরগির ট্রাকগুলোকে দায়ী করেন পরিবহন মালিক নেতা এনায়েত।
তিনি বলেন, “যানজটের অনেকগুলো কারণের একটি হচ্ছে মুরগির ট্রাক। প্রতিরাতে দুই শতাধিক মুরগির ট্রাক আসে। এসব ট্রাককে ঘিরে একজন কাউন্সিলর প্রতিদিন ২/৩ লাখ টাকা চাঁদা আয় করে। এটা বন্ধ করা গেলে গুলিস্তানে ফ্লাইওভারের দক্ষিণপাশে যানজট কমবে।”
মাওয়াগামী বাসগুলো ধীরগতিকেও যানজটের অন্যতম কারণ হিসেবে দেখান এনায়েত।
সভায় পুরান ঢাকার নিমতলীতে রেলওয়ের ২ দশমিক ৮৭ একর জমির উপর গড়ে ওঠা আনন্দবাজার বস্তিটি উচ্ছেদ করে সেখানে একটি টার্মিনাল নির্মাণের সিদ্ধান্ত হয়।
রেলমন্ত্রী মুজিবুল হক প্রথমে ওই জমি ছাড়তে রাজি না হলেও মেয়র, নৌমন্ত্রী ও পরিবহন মালিক নেতা এনায়েতের অনুরোধে ছাড় দিতে রাজি হন।
পরে সিদ্ধান্ত হয়, সিটি করপোরেশন, রেলওয়ে বিভাগ ও পরিবহন নেতাদের সমন্বয়ে একটি কমিটি করে অচিরেই ওই জমিতে বাস টার্মিনাল নির্মাণ করা হবে। তবে রেলওয়ে প্রয়োজন মনে করলে ওই জমি ফেরত নিতে পারবে।
হকারদের মদদে ‘পুলিশ’
গুলিস্তানের যানজটের জন্য সড়ক ও ফুটপাতে ভ্রাম্যমাণ অসংখ্য দোকানকে দায়ী করা হয়।
জুতার দোকান নিয়ে নিজের ব্যর্থচেষ্টার কথা জানিয়ে মেয়র সাঈদ খোকন বলেন, “কিছুদিন আগে সবগুলো জুতার দোকান উচ্ছেদ করা হয়েছিল। অবশ্য পরে তারা আবার বসে গেছে। পুলিশ যদি কেয়ার না করে তাহলে কীভাবে হবে?
“আমরা উচ্ছেদ করে আসার পরে তারা যাতে আর বসতে না পারে সেজন্য পুলিশকে সজাগ থাকতে হবে।”
তখন ট্রাফিক পুলিশের প্রতিনিধি রেজোয়ান হকার উচ্ছেদ সফল না হওয়ার ক্ষেত্রে ‘মানবিক বিষয়ের’ কথা বলতে চাইলে তাকে থামিয়ে দেন মন্ত্রী শাজাহান খান।
তিনি বলেন, “২/৪ দোকানের জন্য লাখ লাখ মানুষের কষ্ট হবে, এটা কী করে হয়? আরও অনেক মানবিক বিষয় রয়েছে, যা নিয়ে আমরা ভাবতে পারি। তাদের পুনর্বাসনের কথা তুলে সমস্যা এড়িয়ে যাবেন না।”
“পুলিশ প্রশাসন ঠিক থাকলে তারা (হকার) ফুটপাত দখলের পর রাস্তা দখলের সাহস পেত না,” বলেন পরিবহন শ্রমিক নেতা শাজাহান খান।
