চতুর্দশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু বৃহস্পতিবার
ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের চতুর্দশ আয়োজন শুরু হচ্ছে বৃহস্পতিবার থেকে।
রেইনবো চলচ্চিত্র সংসদের আয়োজিত এই উৎসবে ৬০টি দেশের ১৮৪টি চলচ্চিত্র দেখানো হবে বলে বুধবার ঢাকা ক্লাবে এক সংবাদ সম্মেলনে জানানো হয়।
এবারের উৎসব পরিচালক আহমেদ মুজতবা জামাল বলেন, “এমন উৎসব একটি গুরত্বপূর্ণ অধ্যায় যেখানে দর্শক, পরিবেশক, পরিচালক, প্রযোজক ভাবনা বিনিময় ও স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আইডিয়া ও তথ্য আদান-প্রদান করার সুযোগ পায়।”
বৃহস্পতিবার বিকাল পৌনে ৪টায় জাতীয় জাদুঘর মিলনায়তনে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু চলচ্চিত্র উৎসব উদ্বোধন করবেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে সিরীয় চলচ্চিত্র নির্মাতা মোহাম্মদ মালাস ও নরওয়ের চলচ্চিত্র নির্মাতা আনিয়া ব্রেইন ‘মঙ্গলপ্রদীপ’ প্রজ্জ্বলন করবেন।
উদ্বোধনী চলচ্চিত্র হিসাবে বাংলাদেশের রুবাইয়াৎ হোসেন নির্মিত ‘আন্ডার কনস্ট্রাকশন’ প্রদর্শন করা হবে; এটা বাংলাদেশে চলচ্চিত্রটির প্রিমিয়ার শো বলে জানান উৎসব পরিচালক।
চলচ্চিত্র প্রদর্শন ও সেমিনার ভেন্যু হিসাবে কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান মিলনায়তন, জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তন ও কবি সুফিয়া কামাল মিলনায়তন, আমেরিকান সেন্টার মিলনায়তন এবং আলিয়ঁস ফ্রঁসেজ মিলনায়তনকে ঠিক করা হয়েছে।
সাতটি বিভাগে উৎসবকে সাজানো হয়েছে। যার মধ্যে রয়েছে প্রতিযোগিতা বিভাগ, রেট্রোস্পেকটিভ বিভাগ, সিনেমা অব ওয়ার্ল্ড বিভাগ, চিলড্রেনস বিভাগ, স্পিরিচুয়াল ফিল্মস বিভাগ, উইমেন ফিল্ম মেকারস বিভাগ এবং ইন্ডিপেন্ডেন্ট চলচ্চিত্র বিভাগ।
উৎসব পরিচালক আহমেদ মুজতবা বলেন, “প্রতিটি উৎসবেরই অন্যতম প্রধান আকর্ষণ রেট্রোস্পেকটিভ বিভাগ। এবার ঢাকা উৎসবে রেট্রোস্পেকটিভ বিভাগটি সাজানে হয়েছে বিখ্যাত ফরাসি চলচ্চিত্রকার আগনেস ভার্দা ও নরওয়েজিয়ান চলচ্চিত্র নির্মাতা আনিয়া ব্রিয়েন নির্মিত চলচ্চিত্র দিয়ে।”
এই দুই নারী নির্মাতার ১২টি চলচ্চিত্র নিয়ে বিভাগটি সাজানো হয়েছে বলে তিনি জানান।
তিনি জানান, তার মধ্যে অস্ট্রেলিয়ান ফিল্ম সেশনে সিরীয় চলচ্চিত্র নির্মাতা মোহাম্মদ মালাস, উইমেন ফিল্ম সেশনে নরওয়েজিয়ান নির্মাতা আনিয়া ব্রিয়েন, শর্টস এন্ড ইন্ডিপেন্ডেন্ট বিভাগে বাংলাদেশের চলচ্চিত্র সমালোচক জাকির হোসেন রাজু, স্পিরিচুয়াল সেশনে বাংলাদেশের নির্মাতা এডাম দৌলা এবং ফিসরেসি বিভাগে প্রাবন্ধিক-গবেষক মফিদুল হক জুরি বোর্ডের প্রধান হিসাবে দায়িত্ব পালন করবেন।
উৎসবের অংশ হিসাবে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) সহযোগিতায় ‘ষষ্ঠ ঢাকা সিনে ওয়ার্কশপ’ অনুষ্ঠিত হবে বলেও জানান আয়োজকরা।
১৬ থেকে ২২ জানুয়ারি পর্যন্ত ইউল্যাব বি ক্যাম্পাসে অনুষ্ঠিত এই কর্মশালায় দেশ-বিদেশের ২৫জন নবীন চলচ্চিত্র নির্মাতা অংশ নেবেন।
আহমেদ মুজতবা বলেন, “উৎসবের অংশ হিসাবে নারী চলচ্চিত্র নির্মাতা, অভিনয়শিল্পী এবং বিশিষ্ট নারী ব্যক্তিত্বের অংশগ্রহণে দ্বিতীয় আন্তর্জাতিক উইমেন ইন সিনে কনফারেন্স অনুষ্ঠিত হবে। ঢাকার আলিয়ঁস ফ্রঁসেজ ভবনের নিচতলার আর্ট গ্যালারিতে ১৫ থেকে ১৬ জানুয়ারি অনুষ্ঠিত হবে এই কনফারেন্স।”
এছাড়া ১৭ জানুয়ারি একই স্থানে মোনাকো ভিত্তিক ইন্টারন্যাশনাল এমার্জিং ট্যালেন্ট ফিল্মস এসোসিয়েশনের উদ্যোগে বাংলাদেশের চলচ্চিত্র নিয়ে একটি আলোচনা অনুষ্ঠান হবে বলে তিনি জানান।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে প্রাবন্ধিক গবেষক মফিদুল হক, চলচ্চিত্র নির্মাতা হায়দার রিজভী, উৎসবের প্রধান উপদেষ্টা ম হামিদ, চলচ্চিত্র নির্মাতা ও একাত্তর টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সামিয়া জামান, আন্তর্জাতিক উইমেন ইন সিনে কনফারেন্সের সমন্বয়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ইশরাত খান বর্ষা, উৎসবের কো-স্পন্সর আইএফআইসি ব্যাংকের উপ ব্যবস্থাপনা পরিচালক শাহ মো. মইনুদ্দিন ও চলচ্চিত্র নির্মাতা রুবাইয়াত হোসেন বক্তব্য দেন।
