জেনারেল জ্যাকবকে স্মরণে রাখবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী
বাংলাদেশের মুক্তির লড়াইয়ে অবদান রাখা ভারতের সেনা কর্মকর্তা জে এফ আর জ্যাকবের মৃত্যুতে শোক প্রকাশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জাতি তার অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
অসুস্থতা নিয়ে গত কিছুদিন ধরে হাসপাতালে থাকা অবসরপ্রাপ্ত এই লেফটেন্যান্ট জেনারেল বুধবার সকালে মারা যান। তার বয়স হয়েছিল ৯২ বছর।
মুক্তিযুদ্ধের চূড়ান্ত পর্বে পাকিস্তানি বাহিনীর প্রধান জেনারেল আবদুল্লাহ খান নিয়াজীকে আত্মসমর্পণে বাধ্য করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল মিত্র বাহিনীর কর্মকর্তা জ্যাকবের। তিনি তখন ছিলেন ভারতীয় সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় চিফ অফ স্টাফ।
প্রধানমন্ত্রীর উপ-প্রেসসচিব আশরাফুল আলম খোকন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রধানমন্ত্রী এক শোক বিবৃতিতে বলেছেন, আমরা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের এক অকুতোভয় সেনানীকে হারালাম। মুক্তিযুদ্ধে জেনারেল জ্যাকবের অবদান জাতি শ্রদ্ধার সাথে স্মরণ করবে।”
প্রধানমন্ত্রী প্রয়াতের আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
