প্রধানমন্ত্রীর মৃত্যুকামনাকারী জাবি শিক্ষক চাকরিচ্যুত
প্রধানমন্ত্রীর মৃত্যুকামনা করে ফেইসবুক স্ট্যাটাসের জন্য আদালতে দণ্ডিত শিক্ষক মো. রুহুল আমিন খন্দকার চূড়ান্তভাবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চাকরি হারিয়েছেন।
উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় তাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত হয় বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক আবু বকর সিদ্দিক।
বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজির (আইআইটি) প্রভাষক রুহুল অস্ট্রেলিয়ায় রয়েছেন। তাকে আগে সাময়িক বরখাস্ত করা হয়েছিল।
প্রবাসে থেকেই ২০১১ সালের ১৩ অগাস্ট তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যু কামনা করে ফেইসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন।
এরপর পুলিশ বাদী হয়ে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ ও হত্যার হুমকির অভিযোগে মামলা করে। ২০১৫ সালের ১২ অগাস্ট দেওয়া এক রায়ে আদালত রুহুলকে তিন বছরের সশ্রম কারাদণ্ড দেয়।
গত সোমবার সিন্ডিকেটের বৈঠকে আইআইটির সহকারী অধ্যাপক ড. মুফতি মাহমুদের চাকরিচ্যুতির সিদ্ধান্তও হয় বলে আবু বকর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
“ছুটি ছাড়া দেশের বাইরে অবস্থান করায় মুফতি মাহমুদকে অব্যাহতি দেওয়া হয়েছে,” বলেন তিনি।
মুফতি মাহমুদ ২০১১ সালের ১১ সেপ্টেম্বর আইআইটি বিভাগে অস্থায়ী সহকারী অধ্যাপক হিসেবে নিয়োগ পান। তিনি ২৪ ডিসেম্বর ২০১১ সাল থেকে ছুটি ছাড়াই দেশের বাইরে অবস্থান করছেন।
বিশ্ববিদ্যালয়ে যোগ দেওয়ার জন্য একাধিকবার নোটিস দেওয়া সত্ত্বেও তিনি কাজে যোগ দেননি বলে নিবন্ধক জানান।
