বিকৃত ইতিহাসের বই পুড়িয়ে ফেলার সুপারিশ
যেসব পাঠ্যপুস্তকে বাংলাদেশের ‘বিকৃত’ ইতিহাস রয়েছে সেগুলো পুড়িয়ে ফেলতে জাতীয় পাঠ্যক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডকে (এনসিটিবি) বলেছে সংসদীয় কমিটি।
মঙ্গলবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয় বলে সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এতে আরও জানানো হয়, কমিটি সদ্য বিলুপ্ত ছিটমহলগুলোতে সংসদ সদস্যদের পরামর্শ নিয়ে চিহ্নিত স্থানে স্থাপিত নতুন প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক বদলির সুপারিশ করেছে।
বৈঠকে প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে চলমান মামলাগুলোর রায়ের পর আর কোনো আপিল না করার এবং চলমান আপিলের কার্যক্রম না চালানোর বিষয়ে ‘জোর’ সুপারিশ করা হয়।
স্থানীয় সংসদ সদস্যদের সঙ্গে আলোচনা করে সংশ্লিষ্ট উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলোর সব বিষয়ে সঠিক তথ্য পাঠানোর সুপারিশ করা হয় বৈঠক থেকে।
কমিটির সভাপতি মো. মোতাহার হোসেনের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান, আ খ ম জাহাঙ্গীর হোসেন, সামশুল হক চৌধুরী, মো. আবুল কালাম, আলী আজম, মোহাম্মদ ইলিয়াছ এবং উম্মে রজিয়া কাজল অংশ নেন।
