২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সোনারগাঁওয়ে কারুশিল্প মেলা-উৎসব শুরু বৃহস্পতিবার

গ্রামীণ শিল্পী ও তাদের শিল্প প্রচারের লক্ষ্য নিয়ে মাসব্যাপী লোক কারুশিল্প মেলা ও লোকজ উৎসব শুরু হচ্ছে বৃহস্পতিবার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2016, 05:10 PM

Updated : 20 Aug 2022, 11:33 AM

বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের উদ্যোগে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে আগামী ১৪ জানুয়ারি থেকে ১২ ফেব্রুয়ারি এই মেলা হবে।

এতে ১৭২টি স্টলে কারুপণ্য, হস্তশিল্প, পোশাক, স্টেশনারি ছাড়াও বিভিন্ন জিনিসপত্র প্রদর্শন করা হবে বলে জানিয়েছেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।

সচিবালয়ে মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে মন্ত্রী বলেন, লোকজ সাংস্কৃতিক ঐতিহ্য উপস্থাপন, লুপ্তপ্রায় লোকজ ঐতিহ্যের উপাদান পুনরুদ্ধার করে নতুন প্রজন্মকে সেগুলোর সঙ্গে পরিচয় করাতেই এই মেলার আয়োজন করা হচ্ছে।

“গ্রাম বাংলায় ছড়িয়ে থাকা অবহেলিত কারুশিল্পী, লোক সঙ্গীত শিল্পীদের তাদের নিজ নিজ ক্ষেত্রে প্রতিভা বিকাশ ও প্রকাশের সুযোগ করে দেওয়াই এই উৎসবের অন্যতম উদ্দেশ্য।”

মেলায় ‘বাংলাদেশের গৌরব গাথা আমাদের এই নকশি কাঁথা’ শিরোনামে বিশেষ প্রদর্শনী হবে। এতে ২০০ বছরের পুরানো নকশি কাঁথা প্রদর্শন করা হবে বলে মন্ত্রী জানান।

নওগাঁ ও মাগুরার শোলা শিল্প, রাজশাহীর শখের হাঁড়ি, চট্টগ্রামের তাল পাতার হাতপাখা, রংপুরের শতরঞ্জি, সোনারগাঁয়ের হাতি-ঘোড়া-পুতুল ও কাঠের কারুশিল্প, বেত ও বাঁশের কারুশিল্প, মুন্সিগঞ্জের শীতল পাটি, কুমিল্লার তামা-কাঁসা পিতলের কারুশিল্প, রাঙামাটির ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কারুপণ্য, কিশোরগঞ্জের টেরাকোটা শিল্পও মেলায় স্থান পাবে।

বিভিন্ন ধরনের লোকজ সঙ্গীত, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের সাংস্কৃতিক অনুষ্ঠান, ছড়া ও পুঁথি পাঠের আসর ছাড়াও মেলায় গ্রামীণ খেলা দেখানো হবে বলে জানান আসাদুজ্জামান নূর।

মেলা চলাকালে মমতাজ বেগম, বারী সিদ্দিকী, ইন্দ্র মোহন রাজবংশী, দীপ্তি রাজবংশী, ফকির আলমগীর, কিরণ চন্দ্র রায়, মধু, রুবি সরকার, ছোট খালেক দেওয়ান, আইনাল হক বাউলসহ শতাধিক শিল্পী সান্ধ্যকালীন সাংস্কৃতিক অনুষ্ঠানে লোকসঙ্গীত পরিবেশন করবেন।

বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক রবীন্দ্র গোপ জানান, ৪৮ জন কারুশিল্পী মেলায় সবার সামনে বুনন করবেন।

প্রত্যন্ত অঞ্চল থেকে যেসব শিল্পী এই মেলায় অংশ নিচ্ছেন তাদের থাকা-খাওয়ার ব্যবস্থাও লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পক্ষ থেকে করা হয়েছে বলে জানান তিনি।

সংস্কৃতি সচিব আকতারী মমতাজ ছাড়াও মন্ত্রণালয়ের অন্য কর্মকর্তারা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।