২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সারা দিনের যানজটে প্রধানমন্ত্রীও

নিত্যদিনের যানজটের শহর ঢাকা সোমবার সকাল থেকে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর চলাচলের সঙ্গে আওয়ামী লীগের জনসভায় দৃশ্যত স্থবির হয়ে পড়েছিল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2016, 07:47 PM

Updated : 11 Oct 2022, 07:33 PM

পুরনো খবর:

যানজটে দুর্ভোগে রাজধানীবাসী

দিনভর অসহনীয় যানজটে ভোগান্তিতে পড়তে হয়েছে রাজধানীবাসীকে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও পড়তে হয়েছে যানজটের খাড়ায়, যদিও সাধারণত তার চলার পথ বেশ খানিক আগে থেকেই ফাঁকা করা হয়।

বিকালে সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের সমাবেশে শেখ হাসিনা বলেন, “আজ (সমাবেশে) আসার সময় আমিও জ্যামে পড়েছিলাম।”

সকাল থেকেই রাজধানীজুড়ে যানজট দেখা দেয়, যার খবর গণমাধ্যমেও আসে।

সকাল ১০টার পর থেকেই উত্তরা, মিরপুর রোড, মগবাজার, কাজী নজরুল ইসলাম এভিনিউ, মালিবাগ, মৌচাক এলাকায় ‘অস্বাভাবিক’ যানজট তৈরি হয়।

দুপুরের দিকে আবু ইউসুফ নামে এক পুলিশ কর্মকর্তা ফেইসবুক স্ট্যাটাসে লেখেন, “আজ সন্ধ্যা পর্যন্ত ঢাকা ও তার আশপাশের এলাকায় যানজট থাকবে।”

সন্ধ্যার দিকেও মহাখালী থেকে শাহবাগমুখী সড়কে সারিবদ্ধ হাজারো গাড়ি নিশ্চল দাঁড়িয়ে থাকতে দেখা যায়। বিকাল থেকেই ওই সড়কের ফুটপাত ও দাঁড়িয়ে থাকা গাড়ির ফাঁক গলে পথচারীদের এগিয়ে যেতে দেখা যায় গন্তব্যের দিকে।

যানজটের কারণ সম্পর্কে পুলিশ কর্মকর্তাদের কেউ স্পষ্ট করে কিছু না বললেও সকালে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর যাতায়াত এবং বিকালে আওয়ামী লীগের জনসভার কারণে যানজট বেড়ে যায় বলে ভুক্তভোগীরা মনে করছেন।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সকালে বঙ্গভবন থেকে র‌্যাডিসন হোটেলে গিয়েছিলেন। সেখান থেকে তিনি যান শেরেবাংলা নগরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে।

অন্যদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকালে গণভবন থেকে সচিবালয়ে যান মন্ত্রিসভার বৈঠকে যোগ দিতে। দুপুরে সেখান থেকে ফিরে আবারও বের হন সোহরাওয়ার্দী উদ্যানের দিকে।

রাষ্ট্র ও সরকার প্রধানের যাতায়াতের সময় বেশ কিছুক্ষণ আগে থেকে তাদের চলার পথে যান চলাচল বন্ধ রাখা হয়।

রাষ্ট্রপতি র‌্যাডিসনে অনুষ্ঠানে যোগ দেন সকাল ৯টায়। বেলা ১০টায় উত্তরা থেকে যারা বনানী বা গুলশানের দিকে এসেছেন, তাদের খিলক্ষেত পর্যন্ত আসতেই এক ঘণ্টার বেশি লেগে যায়।

একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পুরো রাস্তা স্থবির ছিল। বিশ্ববিদ্যালয়ে আসতে আমার সময় লেগেছে দুই ঘণ্টারও বেশি।”

সকাল ১০টায় সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় উত্তরা ছাড়াও রাজধানীর মিরপুর, মগবাজার, কাজী নজরুল ইসলাম এভিনিউ, মালিবাগ ও মৌচাক এলাকায় যানজট তৈরি হয়।

তিন ঘণ্টার মাথায় সচিবালয় থেকে প্রধানমন্ত্রীর গণভবনে ফেরা এবং তার দুই ঘণ্টার মাথায় আবারও শাহবাগমুখী যাত্রা; এরমধ্যে রাষ্ট্রপতির বঙ্গভবনে ফেরায় সে যানজটের রেশ আর কমেনি।

দুপুর থেকে মতিঝিল, রমনা, পল্টন, কাকরাইল, হাতিরঝিল এলাকায় তীব্র যানজট দেখা দেয়।

বেলা ২টার দিকে হাতিরঝিল থেকে মিন্টো রোড এলাকায় পৌঁছাতে যাত্রীদের প্রায় দুই ঘণ্টা সময় লেগে যায়।

Image
রাজধানীর যানজটের এই চিত্র সোমবার সকালে বিমানবন্দর সড়কের বনানী এলাকা থেকে তোলা।

রাজধানীর যানজটের এই চিত্র সোমবার সকালে বিমানবন্দর সড়কের বনানী এলাকা থেকে তোলা।

একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা আজিজ আহমেদ বলেন, “দুপুর ২টার কিছু সময় আগে থেকেই হাতিরঝিল এলাকায় তীব্র যানজট তৈরি হয়। সেখানে চলাচলকারী অনেক পরিবহনের যাত্রীরা বাস থেকে নেমে পায়ে হেঁটে নিজ গন্তব্যে ফেরার চেষ্টা করেন।”

এদিকে আওয়ামী লীগের সমাবেশ উপলক্ষে দুপুরে শাহবাগ থেকে মৎস্য ভবন পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়।

যানজট নিয়ে পুলিশের ট্রাফিক কন্ট্রোল কক্ষে যোগাযোগ করা হলে অপারেটর রাবেয়া বেগম বলেন, দুপুরে সোহরাওয়ার্দী উদ্যান সংলগ্ন কয়েকটি সড়কে যানজট দেখা গিয়েছিল।

২০-২৫ মিনিট পর সঙ্গে সঙ্গে তা স্বাভাবিক হয় বলে দাবি করেন তিনি।

তবে সমাবেশ শেষে সন্ধ্যার দিকে প্রধানমন্ত্রী সোহরাওয়ার্দী উদ্যান ছাড়ার পরেও রাজধানীর প্রধান সড়কগুলোতে যানবাহনকে ঠায় দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এ সময়ও বাস থেকে নেমে অনেকে হেঁটে এগোচ্ছিলেন গন্তব্যের উদ্দেশ্যে।