২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টেকসই স্যানিটেশন ব্যবস্থা গড়ার আহ্বান রাষ্ট্রপতির

ভবিষ্যৎ প্রজন্মের জন্য স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিতে উদ্ভাবনী ও টেকসই স্যানিটেশন ব্যবস্থা গড়ে তুলতে দক্ষিণ এশিয়ার দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2016, 03:13 PM

Updated : 11 Oct 2022, 07:34 PM

সোমবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘ষষ্ঠ সাউথ এশিয়ান কনফারেন্স অন স্যানিটেশন (সাকোসান-৬)’ এর উদ্বোধনী অনুষ্ঠানে রাষ্ট্রপতি এ আহ্বান জানান।

টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রায় (এসডিজি) পৌঁছানোর জন্য দক্ষিণ এশিয়ার দেশগুলোকে স্বাস্থ্যসম্মত পানি ও পয়ঃ নিষ্কাশনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে বলেও মন্তব্য করেন রাষ্ট্রপতি।

“স্বাস্থ্যকর জীবনের জন্য পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন মৌলিক প্রয়োজন। অপর্যাপ্ত পয়ঃনিষ্কাশন ও যত্রতত্র মলমূত্র ত্যাগ ডায়রিয়া ও পানিবাহিত হরেক রোগের মূল কারণ,” বলেন তিনি।

স্বাস্থ্যকর পয়ঃনিষ্কাশন ‘পানি, বাতাস, মাটি এবং খাদ্যকে দুষিত হওয়া থেকে রক্ষা করে’ মন্তব্য করে রাষ্ট্রপতি এ ক্ষেত্রে বাংলাদেশের উন্নতির চিত্র তুলে ধরেন।

মন্ত্রী পর‌্যায়ের এ সম্মেলন এসডিজি পূরণে সার্কভূক্ত দেশগুলোকে সহায়তা করবে বলেও আশা প্রকাশ করেন আবদুল হামিদ।

স্থানীয় সরকার মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে সার্কের মহাসচিব অর্জুন বাহাদুর থাপাসহ সার্কভূক্ত দেশগুলোর মন্ত্রী ও সচিব পর্যায়ের প্রতিনিধিরা বক্তব্য দেন।

‘বেটার স্যানিটেশন, বেটার লাইফ’ স্লোগান নিয়ে আয়োজিত সম্মেলনে আফগানিস্তান, ভুটান, ভারত, মালদ্বীপ, নেপাল ও শ্রীলঙ্কার প্রতিনিধিরা অংশ নিচ্ছেন।

পাকিস্তান থেকে কোনো প্রতিনিধি যোগ না দিলেও ঢাকায় দেশটির হাই কমিশনার সুজা আলম অনুষ্ঠানে বক্তব্য দেন।

সম্মেলন শেষে ‘ঢাকা ঘোষণা’ গৃহীত হওয়ার কথা রয়েছে।