২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হজ নিবন্ধনে এনআইডি: ইসির সঙ্গে ধর্ম মন্ত্রণালয়ের চুক্তি

জাতীয় পরিচয়পত্র প্রকল্পের (এনআইডি) ডাটাবেইজ ব্যবহার করে হজযাত্রীদের তথ্য যাচাইয়ে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে চুক্তি করেছে ধর্ম মন্ত্রণালয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2016, 10:00 PM

Updated : 20 Aug 2022, 11:32 AM

রোববার ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. শহিদুজ্জামান ও ইসির পরিচালক (প্রশাসন ও অর্থ) সৈয়দ মোহাম্মদ মুসা চুক্তিতে সই করেন।

সংশোধিত হজ নীতিমালা অনুযায়ী, হজে যেতে ৩০ হাজার টাকা জমা দিয়ে অগ্রিম নিবন্ধন করতে হবে। হজ শেষ হওয়ার দুই মাস পর থেকে চার মাসব্যাপী এই নিবন্ধন হবে।

৩০ হাজার টাকার সঙ্গে ৫০০ টাকা হজ নিবন্ধন ফি দিলে সরকার নিবন্ধন নম্বর দেবে। হজ প্যাকেজ ঘোষণার পর হজের মূল টাকা পরিশোধকালে নিবন্ধনের সময় আগাম নেওয়া ৩০ হাজার টাকা সমন্বয় করা হবে।

অগ্রিম নিবন্ধিত হজযাত্রীর সংখ্যা কোটার চেয়ে বেশি হলে যিনি আগে নিবন্ধন করেছেন তিনিই আগে হজে যাবেন। অন্যরা নিবন্ধনের ক্রম অনুযায়ী অপেক্ষমাণ তালিকায় থাকবেন।

নিবন্ধিত হজযাত্রীদের মধ্যে যারা নির্ধারিত সময়ে হজ প্যাকেজের সব টাকা পরিশোধ করবেন না তাদের নিবন্ধনের মেয়াদও এক বছর পর্যন্ত বহাল থাকবে।

সংশোধিত হজ নীতিমালা অনুযায়ী, মেশিন রিডেবল পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র দিয়ে ইউনিয়ন তথ্য সেবাকেন্দ্র, হজ এজেন্সির অফিস, ইসলামিক ফাউন্ডেশনের অফিস, জেলা প্রশাসকের কার্যালয় এবং হজ অফিস থেকে অনলাইনে নিবন্ধন করা যাবে।