২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফের বইছে মৃদু শৈত্যপ্রবাহ

পৌষের শেষ দিকে এসে চলতি মৌসুমের তৃতীয় শৈত্যপ্রবাহ শুরু হয়েছে দেশের উত্তরাঞ্চলে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2016, 07:28 PM

Updated : 12 Apr 2022, 01:11 AM

সেইসঙ্গে দেশের অধিকাংশ এলাকায় মাঝরাত থেকে সকাল পর্যন্ত পড়ছে মাঝারি থেকে ঘন কুয়াশা।

রোববার রংপুর বিভাগে শুরু হয়েছে মৃদু এ শৈত্যপ্রবাহ।

আবহাওয়া অধিদপ্তর বলছে, সোমবারও এমন আবহাওয়া থাকতে পারে। বিস্তার ঘটতে পারে মৃদু শৈত্যপ্রবাহের।

রোববার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় দিনাজপুরে ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এদিন রাজশাহীতে সর্বনিম্ন তামমাত্র ছিল ১০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং ঢাকায় ১৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

রংপুর বিভাগের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বইছে জানিয়ে আবহাওয়া অধিদপ্তরের ২৪ ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়েছে, সেখানে এই শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে। পাশাপাশি তা বিস্তার লাভ করতে পারে যশোর, কুষ্টিয়া ও শ্রীমঙ্গল অঞ্চল এবং রাজশাহী বিভাগে।

সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে।

ডিসেম্বর মাসের দ্বিতীয়ার্ধে পৌষ মাসের শুরুতে দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের ওপর দিয়ে দুটি মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যায়। এসময় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় শ্রীমঙ্গলে। দিনের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ৭-৮ ডিগ্রি সেলসিয়াস নেমে যাওয়ায় সারা দেশে অনুভূত হয় বেশ শীত।

পুরনো খবর:

তীব্র শৈত্যপ্রবাহ আসছে
দেশজুড়ে ঘন কুয়াশা: যান চলাচলে সতর্ক থাকার পরামর্শ