আখেরি মোনাজাতে শেষ হল ইজতেমার প্রথম পর্ব
টঙ্গীর তুরাগতীরে বিশ্ব ইজতেমায় এই বারের প্রথম পর্ব শেষ হয়েছে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে। ইজতেমার জন্য গাজীপুর-ঢাকা গাড়ি চলাচলে বিকল্প পথ ধরতে হয়েছিল সবাইকে।
রোববার সকাল ১১টার পর আখেরি মোনাজাতে মুসলিম জাহানের কল্যাণ কামনা করা হয়। মোনাজাত পরিচালনা করেন তাবলিগ জামাতের মারকাজের শূরা সদস্য মাওলানা মুহাম্মদ সাদ।
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বঙ্গভবনে পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে ইজতেমার আখেরি মোনাজাতে অংশ নেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে বসে বোন শেখ রেহানাসহ নিকটাত্মীয়দের নিয়ে আখেরি মোনাজাতে অংশ নেন। কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, সাবেক পররাষ্ট্রমন্ত্রী দীপু মনিও সেখানে ছিলেন।
গত ৮ জানুয়ারি ইজতেমার প্রথম পর্ব শুরু হয়েছিল। আগামী ১৫ জানুয়ারি দ্বিতীয় পর্ব শুরু হয়ে তিন দিন পর শেষ হবে বিশ্ব তাবলিক জামাতের বার্ষিক এই সম্মিলন।
রোববার সকালে সরেজমিন দেখা যায়, কুয়াশার মধ্যে আখেরি মোনাজাতে শরিক হতে ঢাকা ও আশপাশের জেলাগুলো থেকে বিপুল সংখ্যক মুসল্লি তুরাগতীরে জমায়েত হয়েছেন।
মোনাজাতের আগে ইজতেমা ময়দানে চটের সামিয়ানার নিচে বয়ান শোনেন লাখো মানুষ। ময়দান ভরে যাওয়ায় আশেপাশের অলিগলি ও রাস্তায় পাটি, খবরের কাগজ, পলিথিন বিছিয়ে তাতেই অবস্থান নেন অনেকে।
গাজীপুরের মালেকের বাড়ি থেকে আসা নাসির উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আখেরি মোনাজাতে অংশ নিতে ভোর ৪টার দিকে হেঁটে রওনা হই। সকাল ৮টায় পৌঁছেছি।”
গাজীপুরের জেলা প্রশাসক এস এম আলম বলেন, রোববার ভোর থেকেই ইজতেমা ও এর আশপাশের এলাকায় যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। রোববার সন্ধ্যা পর্যন্ত এ বিধিনিষেধ বলবৎ থাকবে।
আখেরি মোনাজাত প্রচারের জন্য গণযোগাযোগ অধিদপ্তর ও গাজীপুর জেলা তথ্য অফিস বিশেষ ব্যবস্থা নেয়।
আখেরি মোনাজাত উপলক্ষে বাড়তি নিরাপত্তা ব্যবস্থার কথা জানিয়েছিল জেলা প্রশাসন।
গাজীপুরের পুলিশ সুপার মো. হারুন অর রশিদ বলেন, আখেরি মোনাজাতে বাড়তি নিরাপত্তার জন্য অন্যান্য দিনের চেয়ে দ্বিগুণ ফোর্স (দুই শিফটের ফোর্স এক শিফটে) মোতায়েন করা হয়।
“প্রায় ১২ হাজার র্যাব ও পোশাকধারী পুলিশের পাশপাশি রয়েছে সাদা পোশাকে কয়েক হাজার গোয়েন্দা সদস্য। আকাশ ও নৌপথে রয়েছে র্যাবের সতর্ক নজরদারি।”
