২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্ব ইজতেমা: গাড়ি রাখা যাবে যেসব স্থানে

টঙ্গীর তুরাগ পাড়ে বিশ্ব ইজতেমায় ধর্মপ্রাণ মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে যানবাহন পার্কিংয়ের জন্য স্থান নির্ধারণ করে দেওয়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2016, 01:29 AM

Updated : 11 Oct 2022, 07:33 PM

পুরনো খবর:

ইজতেমায় আখেরি মোনাজাত: টঙ্গীমুখী যান চলাচল বন্ধ

ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া স্বাক্ষরিত এক আদেশে এসব স্থান নির্ধারণ করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

রোববার ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত। এ উপলক্ষে টঙ্গীর আশপাশের সব রাস্তায় যান চলাচল বন্ধ থাকার কথা জানিয়েছেন গাজীপুর ট্রাফিক বিভাগের সহকারী পুলিশ সুপার মো. সাখাওয়াত হোসেন। তিনি জানান, শনিবার রাত ৩টা থেকে রোববার সন্ধ্যা ৬টা পর্যন্ত সড়কগুলোতে যান চলাচল বন্ধ থাকবে।

ডিএমপির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মুসলিম বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় সমাবেশ বিশ্ব ইজতেমায় বিভিন্ন দেশের সম্মানিত অতিথিসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে লাখ লাখ ধর্মপ্রাণ মানুষ সমবেত হন।

ধর্মীয় জমায়েত নির্বিঘ্ন করতে বিশ্ব ইজতেমা দুই পর্বে  (প্রথম পর্ব: ৮-১০ জানুয়ারি এবং দ্বিতীয় পর্ব ১৫-১৭ জানুয়ারি) সম্পন্ন করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশ্ব ইজতেমায় বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে যানবাহন পার্কিংয়ের জন্য নিম্নোক্ত স্থানসমূহ নির্ধারণ করা হয়েছে।

১. চট্টগ্রাম বিভাগ: গাউসুল আজম এভিনিউ (১৩নং সেক্টর রোডের পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্ত হয়ে গরীবে নেওয়াজ রোড)।

২. ঢাকা বিভাগ: সোনারগাঁও জনপথ চৌরাস্তা থেকে দিয়াবাড়ী খালপাড়।

৩. সিলেট বিভাগ: উত্তরাস্থ ১২নং সেক্টর শাহমখদুম এডিনিউ।

৪. খুলনা বিভাগ: উত্তরাস্থ ১৫ ও ১৮নং সেক্টরের খালি জায়গা।

৫. রংপুর বিভাগ: কামারপাড়া সংলগ্ন মাঠ ও উত্তরাস্থ ১০নং সেক্টরের খালি জায়গা।

৬. রাজশাহী বিভাগ: প্রত্যাশা হাউজিং।

৭. বরিশাল বিভাগ: ধওর ব্রিজ ক্রসিং সংলগ্ন পার্কিং (আশা বিশ্ববিদ্যালয়ের খালি জায়গা) এবং ১৫ ও ১৮নং সেক্টরের খালি জায়গা।

বিজ্ঞপ্তিতে মুসল্লিদেরকে বেশ কিছু বিষয় মেনে চলার অনুরোধের কথাও জানানো হয়েছে। এগুলো হচ্ছে:

১. আব্দুল্লাহপুর আশুলিয়া রোডের উপর কোনো যানবাহন পার্কিং করা যাবে না।

২. যানবাহন পার্কিংয়ের সময় মালিক ও চালক একে অপরের মোবাইল নম্বর নিয়ে রাখবেন, যাতে বিশেষ প্রয়োজনে এক অপরকে তাৎক্ষণিকভাবে পাওয়া যায়।

৩. আখেরি মোনাজাতের আগের রাতে আশুলিয়া থেকে আগত যানবাহন ধওর ব্রিজ ক্রসিং দিয়ে ডানে মোড় নিয়ে মিরপুর বেড়িবাঁধ দিয়ে চলাচল করবে।

মহাখালী বাস টার্মিনাল থেকে আব্দুল্লাহপুরগামী আন্তঃজেলা বাস, ট্রাক, কভার্ড ভ্যানসহ সব প্রকার যানবাহন মহাখালী ক্রসিংয়ের বামে মোড় নিয়ে বিজয় সরণি-গাবতলী দিয়ে চলাচল করবে।

কাকলী, মিরপুর থেকে আগত যানবাহন এয়ারপোর্টের দিকে না গিয়ে কুড়িল বিশ্বরোডে ইউটার্ন করে বা ডানে মোড় নিয়ে প্রগতি সরণি দিয়ে চলাচল করবে।

প্রগতি সরণি থেকে আব্দুল্লাহপুরগামী যানবাহন বিশ্বরোড ক্রসিংয়ে ইউটার্ন করে বা ফ্লাইওভার দিয়ে কাকলী-মহাখালী রোড হয়ে মিরপুর ফ্লাইওভার দিয়ে চলাচল করবে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিদেশগামী বা বিদেশফেরত যাত্রীদের বিমানবন্দরে আনা-নেওয়ার জন্য ট্রাফিক উত্তর বিভাগের ব্যবস্থাপনায় দুটি বড় মাইক্রোবাস নিকুঞ্জ-১ আবাসিক এলাকার গেইটে ভোর ৬টা থেকে থাকবে।

এতে ট্রাফিক সম্পর্কিত যে কোনো তথ্য পেতে সিনিয়র এসি, উত্তরা ট্রাফিক জোন, জিন্নাত আলী মোল্লা  (০১৭১৩৩৯৮৪৯৮) এবং টিআই, উত্তরা ট্রাফিক জোন, মাহফুজার রহমানের (০১৭১১৩৬৬৫৬১) সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।

ডিএমপির ট্রাফিক বিভাগ বিশ্ব ইজতেমা উপলক্ষে যানবাহন চলাচলে শৃঙ্খলা রক্ষা ও যানজট এড়ানোর লক্ষ্যে ধর্মপ্রাণ নাগরিকদের সর্বাত্মক সহযোগিতা কামনা করছে বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে।