ঢাকার পরিচ্ছন্নতা কর্মীরা পেলেন ৩ আবাসিক ভবন
রাজধানীর হাজারীবাগে পরিচ্ছন্নতা কর্মীদের জন্য তিনটি আবাসিক ভবন উদ্বোধন করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাইদ খোকন।
শনিবার দুপুরে হাজারীবাগে ২২ নম্বর ওয়ার্ডের গণকটুলী সিটি কলোনিতে এই তিন ভবনের সঙ্গে সিটি কলোনি কমিউনিটি সেন্টারের উদ্বোধন করেন তিনি।
উদ্বোধনী অনুষ্ঠানে পরিচ্ছন্নতা কর্মীদের জন্য নির্মিত তিন আবাসিক ভবনের প্রতীকী চাবি ওই এলাকার পরিচ্ছন্নতা কর্মীদের হাতে তুলে দেন ঢাকা দক্ষিণের মেয়র।
মেয়র বলেন, "আপনাদের প্রয়োজন অনুযায়ী যা যা চাইবেন, সব পাবেন; বিনিময়ে পরিষ্কার শহর উপহার দিন। কেউ কাজে অবহেলা করবেন না। আলসেমি না করে নিজের কাজটুকু নিজে করুন।"
নতুন বছরের প্রথম দিন পহেলা জানুয়ারি ভোর ৪টায় রাস্তায় নেমে প্রয়োজন অনুযায়ী লোক পাওয়া যায়নি বলেও মন্তব্য করেন তিনি।
ভবনের উদ্বোধনীতে হাজারীবাগ এলাকার সংসদ সদস্য শেখ ফজলে নূর তাপসের সভাপতিত্বে স্থানীয় কাউন্সিলর ও আওয়ামী লীগের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।
