২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধানমণ্ডিতে কলেজে বিবাদে শিক্ষার্থী গুলিবিদ্ধ

রাজধানীর ধানমণ্ডির বেসরকারি আইডিয়াল কলেজের সামনে দোকানে বসাকে কেন্দ্র করে দুই দল শিক্ষার্থীর বিরোধে একজন গুলিবিদ্ধ হয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2016, 05:09 PM

Updated : 20 Aug 2022, 11:32 AM

শনিবার দুপুর ১টায় গুলিবিদ্ধ এই শিক্ষার্থীর নাম নাইমুর রশীদ নাবিল (১৮)। তিনি কলেজের ব্যবসায় শিক্ষা বিভাগের প্রথম বর্ষের ছাত্র।

কলাবাগান থানার পরিদর্শক (তদন্ত) আবিদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কলেজের সামনের চায়ের দোকানে বসাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের সিনিয়র ও জুনিয়র দুই পক্ষ বিবাদে জড়িয়ে পড়লে নাবিল গুলিবিদ্ধ হন।

নাবিলের সহপাঠী কাউসার আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুক্রবার বিকালে কলেজের সামনে চায়ের দোকানে ওই বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আশরাফুল ইসলাম পলকের সঙ্গে নাবিলের বাগবিতণ্ডা হয়েছিল।

“আজ দুপুরে পলকের বহিরাগত বন্ধু সাইফ হোসেন রোমান ২০/৩০ জন ছেলে নিয়ে কলেজের সামনে এসে কয়েক রাউন্ড গুলি করে। পলকের সামনেই নাবিলের বাম পায়ে গুলি করে রোমান।”

গুলিবর্ষণের সময় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে, শিক্ষার্থীরা ভয়ে দিগ্বিদিক ছোটাছুটি করছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানায়।

কলাবাগান থানার পুলিশ কর্মকর্তা আবিদ বলেন, “আহতরা মামলা করবে বলে পুলিশকে জানিয়েছে। যারা নাবিলকে গুলি করেছে, তাদের খুঁজে গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ।”