২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কেরানীগঞ্জে পুকুরে যুবকের হাত-পা বাঁধা লাশ, আটক ৩

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের একটি পুকুর থেকে হাত-পা বাঁধা অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে; তাকে হত্যায় জড়িত সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2016, 11:44 PM

Updated : 20 Aug 2022, 11:31 AM

নিহত কামরুল ইসলাম (২৩) কেরানীগঞ্জের হাসমত আলীর ছেলে। তিনি পেশায় ইলেকট্রিশিয়ান ছিলেন।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ডিউটি অফিসার সাখাওয়াত ইমতিয়াজ জানান, শুক্রবার সকালে দক্ষিণ কেরানীগঞ্জ এলাকার একটি পুকুরে হাত-পা বাঁধা একটি লাশ ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়, পরে পুলিশ গিয়ে সেটি উদ্ধার করে।

কামরুলকে হত্যায় জড়িত সন্দেহে সন্ধ্যায় তিন জনকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানালেও তাৎক্ষণিকভাবে তাদের কারও নাম পরিচয় জানাননি এই পুলিশ কর্মকর্তা।

কামরুলের বাবা হাসমত আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "গত বুধবার দুপুরে মোবাইলে ফোনে একটি কল পেয়ে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি কামরুল।"

নিখোঁজের পর পরিবারের সদস্যরা বেশ কয়েকবার কামরুলের মোবাইলে ফোন করেও তাকে পায়নি। এরপর বৃহস্পতিবার হাসমত আলী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন বলে জানান পুলিশ কর্মকর্তা সাখাওয়াত ইমতিয়াজ।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার এই ডিউটি অফিসার বলেন, লাশ উদ্ধারের পর ইতোমধ্যে একটি হত্যা মামলা দায়ের করেছে কামরুলের পরিবার। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।