পাকিস্তানের সঙ্গে সম্পর্কচ্ছেদে গণজাগরণের আল্টিমেটাম
কোনো সুনির্দিষ্ট অভিযোগ না দেখাতে পারলেও বাংলাদেশি কূটনীতিককে ফেরত নিতে বলায় পাকিস্তানের সঙ্গে কূটনীতিক সম্পর্ক ছিন্ন করতে সরকারকে ৭২ ঘণ্টার সময় বেঁধে দিয়েছে গণজাগরণ মঞ্চ।
শুক্রবার বিকালে শাহবাগে জাতীয় জাদুঘরে সামনে এক সমাবেশ থেকে এই আল্টিমেটাম দিয়ে মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার বলেন, "৭২ ঘণ্টার মধ্যে সরকার পাকিস্তানের কূটনীতিকদের ফেরত পাঠিয়ে উপযুক্ত জবাব না দিলে আবারও পাকিস্তান হাই কমিশন ঘেরাও এবং পাকিস্তানি পণ্য বর্জনের কর্মসূচি দেওয়া হবে।
"এবারও যদি ২০১৩ সালের মতো আঘাত আসে, তাহলে সেই আঘাত উপেক্ষা করেই পাকিস্তানের হাই কমিশন ঘেরাও করা হবে।"
৫ জানুয়ারি বাংলাদেশের কূটনীতিক মৌসুমী রহমানকে দেশে ফেরত নেওয়ার কথা বলে পাকিস্তান।
পরদিন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার ঢাকায় সাংবাদিকদের বলেন, পাকিস্তান অনুরোধ জানালেও তার কারণ জানতে চাইলে তারা তা দেখাতে পারেনি। জঙ্গি যোগাযোগের কারণে বাংলাদেশ তাদের এক কূটনীতিককে প্রত্যাহার করতে বলায় এখন মুখ রক্ষার জন্য তারা এই পদক্ষেপ নিয়েছে।
এর আগে গত বছরের ডিসেম্বরে জঙ্গি যোগাযোগের প্রমাণ মেলার কথা জানিয়ে ঢাকায় পাকিস্তান হাই কমিশনের সেকেন্ড সেক্রেটারি ফারিনা আরশাদকে সরিয়ে নিতে বলে বাংলাদেশ।
একাত্তরের যুদ্ধাপরাধের রায় কার্যকর নিয়ে পাকিস্তানের অসন্তোষের মধ্যে বাংলাদেশের আপত্তিতে ওই কূটনীতিককে গত ২৩ ডিসেম্বর ফিরিয়ে নিয়েছিল ইসলামাবাদ।
তার পাল্টায় মঙ্গলবার পাকিস্তান সে দেশে বাংলাদেশ হাইকমিশনের কাউন্সেলর (রাজনৈতিক) মৌসুমী রহমানকে ফেরত নেওয়ার আহ্বান জানায়।
এর প্রতিবাদে দেশটির সঙ্গে সব ধরনের কূটনীতিক ও বাণিজ্যিক সম্পর্ক বন্ধের দাবিতে এই গণসমাবেশ কর্মসূচি আয়োজন করে গণজাগরণ মঞ্চ।
বাংলাদেশের কূটনীতিককে ফেরত নিতে বলা কূটনীতিক উসকানি এবং ধৃষ্টতাপূর্ণ আচরণ বলে সমাবেশে মন্তব্য করেন মুখপাত্র ইমরান ইমরান।
তিনি বলেন, “পাকিস্তান এবারই প্রথমবার না, কাদের মোল্লার রায় কার্যকরের পরেও বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করার ধৃষ্টতা দেখিয়ে ছিল। পাকিস্তানের আদালত থেকে শুরু করে পাকিস্তানের সংসদে নিন্দা প্রস্তাব আনার দুঃসাহস তারা দেখিয়েছিল।
“বাংলাদেশের স্বাধীন বিচার ব্যবস্থায় কাকে ফাঁসি দেওয়া হবে, কাকে যাবজ্জীবন দেওয়া হবে আর কাকে দশ বছর সাজা দেওয়া হবে সেটা দেখবার এখতিয়ার পাকিস্তানের নেই, যুক্তরাষ্ট্রের নেই, কোনো রাষ্ট্রেরই নেই।”
পাকিস্তান বাংলাদেশের আত্মমর্যাদাকে অপমান করার ধৃষ্টতা দেখাচ্ছে মন্তব্য করে ইমরান বলেন, “একই রকম ধৃষ্টতা তারা দেখিয়েছিল একাত্তরে, ত্রিশ লক্ষ মানুষকে হত্যা করে, আড়াই লক্ষ নারীর সম্ভ্রমহানি করে। মুক্তিযোদ্ধারা অস্ত্র হাতে সেই ধৃষ্টতার জবাব দিয়েছেন।"
এর আগে গত বছরের নভেম্বরে দুই যুদ্ধাপরাধীর ফাঁসি কার্যকরে 'উদ্বেগ' প্রকাশে বাংলাদেশের প্রতিবাদের পর একাত্তরে গণহত্যার দায় অস্বীকার করে পাকিস্তান। এ ঘটনায় দেশটির সঙ্গে সব ধরনের সম্পর্কচ্ছেদের আহ্বান জানায় গণজাগরণ মঞ্চ ও সেক্টর কমান্ডারস ফোরামসহ বিভিন্ন সংগঠন।
সরকার পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন না করে এসব ঘটনায় যে জবাব দিয়েছে সেটিকে 'উপযুক্ত জবাব হয়নি' বলে মনে করে গণজাগরণের এই মুখপাত্র।
ইমরান বলেন, “আজকে সরকার যদি পাকিস্তানকে উপযুক্ত জবাব দিতে ব্যর্থ হয়, তাহলে আমাদের আবারও আরও কঠোর কর্মসূচি নিয়ে রাজপথে নামতে হবে।”
“আমি সরকারকে জানান দিতে চাই, সরকার কঠোর অবস্থান নিতে ব্যর্থ হলে বাংলাদেশের জনগণ পাকিস্তানের হাই কমিশন ঘেরাও করে তাদের সকল কূটনীতিককে আটক করে পাকিস্তানি ফ্লাইটে করে পাকিস্তান ফেরত পাঠাবে।”
