ঢাকায় রাস্তা থেকে যুবকের লাশ উদ্ধার
রাজধানীর রমনা এলাকায় রাস্তা থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত সাইদুল ইসলাম (২২) এর বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। তার তার পরনে জিন্স প্যান্ট ও খয়েরি রংয়ের জ্যাকেট ছিল।
রমনা থানার এসআই আনিসুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুক্রবার ভোরে মিন্টু রোড মোড়ের পুলিশ ক্রসিং সড়কের সামনে এক যুবক রক্তাক্ত পড়ে রয়েছে বলে সিটি কর্পোরেশনের কর্মীরা থানায় খবর দেয়।
সাইফুলের মাথায় আঘাতের মত চিহ্ন রয়েছে জানিয়ে এসআই বলেন, "শরীর দেখে মনে হয়েছে কোনো কিছুর (পরিবহন) সঙ্গে ধাক্কা লাগার পর হেচকা টানে রাস্তায় অনেকদূর গড়িয়ে যান ওই যুবক। তার আশপাশে কিছু কাঁচা সবজিও পড়ে ছিল।
"পকেটে থাকা মানিব্যাগ থেকে পাওয়া একটি মোবাইল নম্বরে ফোন করা হলে তারা যুবকটির নাম সাইফুল এবং একটি কভার্ড ভ্যানে চালকের সহকারী হিসেবে কাজ করত বলে পুলিশকে জানায়; এর চেয়ে বেশি কিছু তারা বলতে পারেনি।"
লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে জানিয়ে পুলিশ সদস্য আনিস বলেন, "কোনো সবজি বহনকারী পরিবহনের ধাক্কায় বা কোনো পণ্যবাহী পরিবহনের ছাদ থেকে পড়ে গিয়ে তার মৃত্যু হতে পারে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।"
