বিসিএস: প্রাথমিক বাছাই পরীক্ষা দিলেন দুই লাখ চাকরিপ্রত্যাশী
সরকারি চাকরি পাওয়ার আশায় ৩৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা দিয়েছেন সারা দেশের দুই লাখ ১১ হাজার ৩২৬ জন প্রার্থী।
২০০ নম্বরের বহুনির্বাচনী প্রশ্নের এই পরীক্ষার পর লিখিত ও মৌখিক পরীক্ষার ধাপ পার হতে পারলে এদের মধ্যে দুই হাজার ১৮০ জন শেষ পর্যন্ত প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তার পদে যোগ দেওয়ার সুযোগ পাবেন।
সরকারি কর্ম কমিশনের (পিএসসি) কর্মকর্তা নজরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শুক্রবার সকাল সাড়ে ৯টায় এবারের প্রিলিমিনারি পরীক্ষা শুরু হয়। ঢাকার ১০৭টিসহ দেশের ১৬২টি কেন্দ্রে এই পরীক্ষা চলে বেলা সাড়ে ১১টা পর্যন্ত।
এছাড়া মোবাইল ফোন, সব ধরনের ইলেকট্রনিক যোগাযোগ যন্ত্র, বই বা ব্যাগ নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশেও নিষেধাজ্ঞা ছিল।
এই নিষেধ না মানলে প্রার্থিতা বাতিলসহ কমিশনের সব পরীক্ষায় অযোগ্য ঘোষণা করা হবে বলে পরীক্ষার্থীদের আগেই সতর্ক করেছিল পিএসসি। কমিশন বলছে, প্রার্থীদের সময় জানার জন্য পরীক্ষার হলে প্রয়োজনীয় সংখ্যক দেয়াল ঘড়ির ব্যবস্থা তারা করেছে।
এ পরীক্ষায় অনিয়ম, অসদুপায় অবলম্বন আর প্রশ্নফাঁস ও জালিয়াতি ঠেকাতে প্রশাসন ক্যাডারের ১১৭ কর্মকর্তাকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার ক্ষমতা দিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ করে সরকার। পরীক্ষা কেন্দ্রের ভেতরে ও বাইরে তারা আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে ছিলেন।
এছাড়া অনিয়ম ঠেকাতে প্রশ্নপত্র বিতরণের পর কেন্দ্রে প্রবেশ এবং পরীক্ষা শেষ না করে বের হওয়ার ক্ষেত্রেও ছিল কড়াকড়ি। এ কারণে দেরিতে কেন্দ্রে পৌঁছানো অনেকেই আর পরীক্ষায় বসতে পারেননি।
দেরিতে আসায় পরীক্ষা কেন্দ্রে ঢুকতে পারেননি এরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “৯টা ৩৫ মিনিটে পৌঁছালাম। দারোয়ান আমাকে ঢুকতে দেয়নি।”
কেন্দ্রে ঢুকতে না পেরে তিতুমীর কলেজ কেন্দ্রের সামনে দাঁড়িয়ে ক্ষোভ প্রকাশ করতে দেখা যায় নারায়ণগঞ্জ থেকে আসা নাজমা আক্তার, মিরপুরের ফারহানা, মানিকগঞ্জ থেকে আসা খায়রুল ইসলাম, আশুলিয়া থেকে আসা মো. নোমানসহ আরও কয়েকজনকে।
বিভিন্ন কারণে ৩৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় ১৫ জনের প্রার্থিতা বাতিল এবং ২৯ জনকে নতুন করে রেজিস্ট্রেশন নম্বর দিয়েছে পিএসসি।
