২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিসিএসে বসেছে দুই লাখ চাকরিপ্রার্থী

সরকারি চাকরি পাওয়ার আশায় ৩৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় বসেছেন সারা দেশের দুই লাখ ১১ হাজার ৩২৬ জন প্রার্থী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2016, 09:50 AM

Updated : 12 Apr 2022, 01:10 AM

২০০ নম্বরের বহুনির্বাচনী প্রশ্নের এই পরীক্ষার পর লিখিত ও মৌখিক পরীক্ষার ধাপ পার হতে পারলে এদের মধ্যে দুই হাজার ১৮০ জন শেষ পর্যন্ত প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তার পদে যোগ দেওয়ার সুযোগ পাবেন।

সরকারি কর্ম কমিশনের (পিএসসি) কর্মকর্তা নজরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শুক্রবার সকাল সাড়ে ৯টায় এবারের প্রিলিমিনারি পরীক্ষা শুরু হয়েছে। ঢাকার ১০৭টিসহ দেশের ১৬২টি কেন্দ্রে এই পরীক্ষা চলবে বেলা সাড়ে ১১টা পর্যন্ত।

প্রিলিমিনারি পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহারে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল ৩৫তম বিসিএস থেকেই। এবার হাত ঘড়ি, পকেট ঘড়ি বা ইলেকট্রনিক ঘড়ি ব্যবহারও নিষিদ্ধ করা হয়েছে।

এছাড়া মোবাইল ফোন, সব ধরনের ইলেকট্রনিক যোগাযোগ যন্ত্র, বই বা ব্যাগ নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করা যাবে না। প্রশ্নপত্র বিতরণের পর কাউকে কেন্দ্রে ঢুকতে দেওয়া হবে না। পরীক্ষা শেষ না করে কেউ কেন্দ্র থেকে বের হতেও পারবেন না।

প্রার্থীদের সময় জানার জন্য পরীক্ষার হলে প্রয়োজনীয় সংখ্যক দেয়াল ঘড়ির ব্যবস্থা করার কথা বলেছে পিএসসি। এই নিষেধ না মানলে প্রার্থিতা বাতিলসহ কমিশনের সব পরীক্ষায় অযোগ্য ঘোষণা করা হবে বলে পরীক্ষার্থীদের সতর্ক করা হয়েছে।

বিভিন্ন কারণে ৩৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় ১৫ জনের প্রার্থিতা বাতিল এবং ২৯ জনকে নতুন করে রেজিস্ট্রেশন নম্বর দেওয়া হয়েছে।

এ পরীক্ষায় অনিয়ম, অসদুপায় অবলম্বন আর প্রশ্নফাঁস ও জালিয়াতি ঠেকাতে প্রশাসন ক্যাডারের ১১৭ কর্মকর্তাকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার ক্ষমতা দিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ করেছে সরকার। পরীক্ষা কেন্দ্রের ভেতরে ও বাইরে তারা আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে রয়েছেন।

পুরনো খবর:

বিসিএস পরীক্ষায় ঘড়িও মানা
৩৬তম বিসিএস: ১৫ জনের প্রার্থিতা বাতিল