২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিল্পকলায় বসছে পুতুলনাচের আসর

আধুনিক যন্ত্রকৌশল আর প্রযুক্তির ছোঁয়ায় আচ্ছন্ন বিনোদনে খানিক বিরতি দিতে ঐতিহ্যবাহী পতুলনাচের আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2016, 10:38 PM

Updated : 20 Aug 2022, 11:31 AM

শুক্রবার সন্ধ্যায় একাডেমির জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটারে দেখানো হবে পুতুলনাচের তিনটি পরিবেশনা।

বৃহস্পতিবার একাডেমির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অধ্যাপক রশীদ হারুনের পরিকল্পনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের অধীন পুতুলনাট্য গবেষণা ও উন্নয়ন কেন্দ্রের একটি দল পরিবেশনায় অংশ নেবে। ১৮-২০ জনের এই দল দীর্ঘ সাড়ে তিন মাস তাদের একাডেমিক কাজের পাশপাশি দিন-রাত শ্রমের মাধ্যমে নাচের তিনটি পরিবেশনার জন্য প্রস্তুত হয়েছে।

পুতুলনাচ শুরুর আগে সন্ধ্যা সাড়ে ৬টায় একাডেমি প্রাঙ্গণে শিল্পকলা একাডেমির মাহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে আলোচনায় অংশ নেবেন সংস্কৃতি সচিব আক্তারী মমতাজ ও বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান।

শিল্পকলা একাডেমি থেকে জানানো হয়েছে, ভারতবর্ষ পুতুলনাট্যের আদিভূমি হিসেবে ইতিহাসে প্রমাণিত। বাংলাদেশেও হাজার বছর ধরে পুতুলনাট্যের চর্চা হয়ে আসছে।

ঐতিহ্যবাহী ধারার পুতুলনাট্যকে টিকিয়ে রাখা এবং একে সমৃদ্ধ করতে শিল্পকলা একাডেমির আয়োজনে ২০০৭ থেকে এ পর্যন্ত চারটি পুতুলনাট্য উৎসব ও দুটি আবাসিক কর্মশালা হয়েছে।

২০১৩ থেকে ২১ মার্চ বিশ্ব পুতুলনাট্য দিবস উদযাপন এবং প্রতি বছর একজন শিল্পীকে সম্মাননা দিচ্ছে শিল্পকলা একাডেমি।