২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামায়াতের হরতালে কড়া নিরাপত্তা

যুদ্ধাপরাধী মতিউর রহমান নিজামীর ফাঁসি বহালের প্রতিবাদে তার দল জামায়াতে ইসলামীর হরতাল চলছে কড়া নিরাপত্তার মধ্যে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2016, 10:00 AM

Updated : 11 Oct 2022, 07:32 PM

বৃহস্পতিবার সকাল থেকে ঢাকার কোথাও জামায়াত-শিবির কর্মীদের তেমন কোনো তৎপরতা বা মিছিল-পিকেটিং চোখে পড়েনি।

হরতালের প্রথম তিন ঘণ্টায় কোথাও গোলোযোগের কোনো খবর পাওয়া যায়নি বলে পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন। তারা বলছেন, যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় পুলিশ প্রস্তুত আছে।

আপিল বিভাগে নিজামীর রায়ের কারণে বুধবার থেকেই ঢাকার সড়কে নিরাপত্তা জোরদার করা হয়েছিল। বৃহস্পতিবার সকালে হরতালের শুরু থেকেই প্রতিটি মোড়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থান দেখা গেছে।

দিনের শুরুতে গণ পরিবহন ও ব্যাক্তিগত যানবাহন কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ধীরে ধীরে তা বাড়তে থাকে।

অন্যান্য দিনের তুলনায় সকালে বাসের সংখ্যা ছিল কম। রাস্তার মোড়ে মোড়ে বাসের অপেক্ষায় যাত্রীদের দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। তবে সব সড়কেই চলাচল করছে রিকশা।

অন্যদিন রাজধানীর বিভিন্ন স্থানে সড়কের ওপর হকাররা সকালেই তাদের পণ্যের পসরা সাজিয়ে বসলেও বৃহস্পতিবার হরতালের কারণে তারা বসেছেন দেরিতে।

নিউ মার্কেট এলাকার  হকার মোশাররফ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আজ আমার বাড়িভাড়া দেওয়ার কথা। ব্যাবসা বন্ধ রাখলে সমস্যায় পড়ব।”

মহানগর পুলিশের উপ কমিশনার (গণমাধ্যম) জাহাঙ্গীর আলম সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সতর্ক অবস্থায় আছে। জন নিরাপত্তার স্বার্থে যে কোনো অপ্রীতিকর অবস্থা মোকাবেলায় আমাদের প্রস্তুতি আছে।” 

নিরাপত্তার কারণে এবং হরতালের সকালে যাত্রী কম থাকায় মহাখালী ও গাবতলী বাস টার্মিনাল থেকে দূরপাল্লার বাস ছেড়েছে অন্যদিনের তুলনায় কম।

তবে ঢাকার কাছাকাছি দূরত্বের বিভিন্ন গন্তব্যের বাস চলাচল ‘স্বাভাবিক’ রয়েছে বলে জানিয়েছেন কাউন্টারের দায়িত্বে থাকা কর্মীরা।

বুধবার সকালে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর  যুদ্ধাপরাধ মামলার রায় ঘোষণা করে। ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ডের সাজাই আপিলে বহাল থাকে।

জামায়াতে ইসলামীর আমির নিজামী একাত্তরে ছিলেন দলটির ছাত্র সংগঠন ইসলামী ছাত্রসংঘের নাজিমে আলা বা সভাপতি এবং সেই সূত্রে পাকিস্তানি বাহিনীকে সহযোগিতার জন্য গঠিত আল বদর বাহিনীর প্রধান।

স্বাধীনতাকামী বাঙালির ওপর দমন-পীড়ন চালাতে পাকিস্তানি বাহিনীকে সহযোগিতার জন্য গঠিত রাজাকার বাহিনী ও শান্তি কমিটিতেও তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বলে এ মামলার বিচারে উঠে আসে।

সর্বোচ্চ আদালত রায় ঘোষণার পর সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা এই হরতালের বার্তা দেন জামায়াতের ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ ও ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান।

একাত্তরে যুদ্ধাপরাধের দায়ে নিজামীর আগে যে পাঁচ মামলার রায় সর্বোচ্চ আদালত থেকে এসেছে, তার মধ্যে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লা ও মুহাম্মদ কামারুজ্জামান এবং সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

এছাড়া জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর সাজা কমিয়ে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে। আপিল শুনানি চলার মধ্যেই মারা গেছেন মুক্তিযুদ্ধকালীন জামায়াত আমির গোলাম আযম, যিনি ছিলেন একাত্তরের যুদ্ধাপরাধের হোতা।

প্রতিটি রায়ের পরই জামায়াতে ইসলামী হরতাল ডেকেছে। এই কর্মসূচিতে গত দুই বছরে বিভিন্ন স্থানে ব্যাপক নাশকতাও ঘটিয়েছে দলটির নেতা-কর্মীরা।