২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তামাক উৎপাদন ও সেবন নিষিদ্ধের পক্ষে ইনু

তামাক চাষ, তামাকজাত পণ্য উৎপাদনের পাশাপাশি তামাক সেবন সম্পূর্ণ নিষিদ্ধ করার প্রস্তাব দিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2016, 10:18 PM

Updated : 20 Aug 2022, 11:30 AM

মঙ্গলবার রাজধানীতে সিরডাপ মিলনায়তনে এক কর্মশালায় তিনি এ কথা বলেন।

ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইনের আধীন তামকজাত দ্রব্যের বিজ্ঞাপন ও প্রচার নিষিদ্ধ এবং পৃষ্ঠপোষকতা নিয়ন্ত্রণে করণীয় নিয়ে ওই কর্মশালার আয়োজন করা হয়।

মন্ত্রী বলেন, “আইনে তামাক সেবনকে নিরুৎসাহিত করা হয়েছে। তাহলে এ প্রস্তাব বিবেচনা করা যেতে পারে।”

তথ্য ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের আয়োজনে ক্যাম্পেইন ফর টোব্যাকো ফ্রি কিডস (সিটিএফকে) এবং এনভায়রনমেন্ট কাউন্সিল বাংলাদেশ (ইসি বাংলাদেশ) এর সহযোগিতায় কর্মশালাটি আয়োজন করা হয়।

ইনু বলেন, “আইন অনুযায়ী নিয়ন্ত্রণ করতে করতে এক পর্যায়ে কমে আসবে। তাহলে মাঠ থেকে, সরকারের ভেতর থেকে, সংসদ থেকে সমগ্র তামাক চাষ নিষিদ্ধ করার জন্য দাবি করা উচিত বলে আমি মনে করি।”

একদিকে তামাক পণ্যের ব্যবসাকে বৈধতা দেওয়া এবং অন্যদিকে নিয়ন্ত্রণ করার বিষয়টিকে ‘বিব্রতকর এবং দ্বিচারিতা’ বলে মনে করেন তথ্যমন্ত্রী।

তিনি বলেন, “এই অবস্থা নিয়েই আমাদের সমাজ এবং সরকার আছে। এর ভেতরেই আমাদের কাজটা করতে হবে।”

ধূমপান বন্ধে সকল পেশাজীবীকে সচেতন হওয়ারও আহ্বান জানান ইনু।

মন্ত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, “আজকের আলোচনায় একজনও বললেন না তামাক চাষ নিষিদ্ধ করেন। সরকার করবে কী করবেন না সেটা পরের বিষয়।”

“সরকার তামাক কোম্পানি থেকে কর নিচ্ছে, সরকারের কোষাগারে জমা হচ্ছে। সেখান থেকে বিভিন্ন কাজে ব্যবহার করছি। সেই ব্যবসার বৈধতা দিচ্ছি, আবার সেই পণ্যের ব্যবহার নিরুৎসাহিত করছি। এটা কঠিন সমস্যা। এই কঠিন সমস্যা, এই সমস্যা মোকাবেলা করা হচ্ছে।”

তথ্য সচিব মরতুজা আহমেদের সভাপতিত্বে এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রোকসানা কাদের।

বক্তব্য রাখেন ইসি বাংলাদেশের চেয়ারম্যান আজিুর রহমান, ওয়ার্ল্ড লং ফাউণ্ডেশনে কারিগরি পরামর্শক শফিকুল ইসলাম, তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শাহজাদী আনজুমান আরা।

মূল উপস্থাপনা করেন তামাক নিয়ন্ত্রন সেলের যুগ্ম সচিব মুহাম্মদ রুহুল কুদ্দুস, ইসি বাংলাদেশের ফারহানা হক অভি এবং প্রজ্ঞার হাসান শাহরিয়ার।