‘জলবায়ু চুক্তি বাস্তবায়নে জোরালো উদ্যোগ চাই’
জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় প্যারিস চুক্তির বাস্তবায়নে বাংলাদেশ সরকারের জোরালো ভূমিকা নেওয়ার ওপর জোর দিয়েছেন অর্থনীতিবিদ কাজী খলীকুজ্জমান আহমদ।
মঙ্গলবার রাজধানীতে জলবায়ু চুক্তি নিয়ে এক সভায় তিনি বলেন, এ চুক্তি বড় প্রাপ্তি হলেও এর বাস্তবায়ন নিয়ে সংশয় রয়েছে।
গত ডিসেম্বরে কপ২১ নামে প্যারিসে অনুষ্ঠিত এই সম্মেলনে চুক্তির মাধ্যমে প্রথমবারের মতো কার্বন নিঃসরণ কমিয়ে আনতে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে বিশ্বের প্রায় দুইশ দেশ।
ওই চুক্তির প্রেক্ষাপটে আগারগাঁওয়ের পিকেএসএফ ভবনে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ও বাংলাদেশ উন্নয়ন পরিষদের (বিইউপি) যৌথ উদ্যোগে ‘দ্য প্যারিস এগ্রিমেন্ট: অ্যা ক্রিটিক্যাল লুক’ শীর্ষক জাতীয় সংলাপে অংশ নিয়ে এ মত দেন বক্তারা।
পিকেএসএফ সভাপতি ও বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ নেগোসিয়েটিং টিমের প্রধান সমন্বয়ক খলীকুজ্জমান বলেন, বিশ্ববাসীর জন্য নিঃসন্দেহে একটি বড় প্রাপ্তি।কনভেনশনের নীতিমালার ভিত্তিতে এটি বিশ্বের সব দেশের জন্য প্রযোজ্য।
“চুক্তির বিষয়ে ঐকমত্যে পৌঁছাতে সব দেশকেই কিছু ছাড় দিতে হয়েছে। তবে অনেক ক্ষেত্রে চুক্তির ভাষা যথেষ্ট শক্তিশালী হয়নি।”
প্যারিসে জলবায়ু সম্মেলনে গৃহীত প্যারিস চুক্তিকে সাম্প্রতিক ইতিহাসের ‘মাইলফলক’ বলে উল্লেখ করেন তিনি।
পিকেএসএফ সভাপতি বলেন, “অতীতের অভিজ্ঞতা থেকে বলা যায়, এ চুক্তির বাস্তবায়ন সহজ হবে না। অভিযোজন অর্থায়নের ক্ষেত্রে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে দুর্বল অঙ্গীকারের বদলে ইচ্ছার কথা লিপিবদ্ধ করায় বাস্তবায়ন সংক্রান্ত উদ্বিগ্নতা রয়েছে।”
আসন্ন জলবায়ু মহাসঙ্কট থেকে মানুষকে রক্ষা করার লক্ষ্যে অঙ্গীকারাবদ্ধ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জরুরি বলে মত দেন তিনি।
খলীকুজ্জমান বলেন, “চুক্তি কীভাবে বাস্তবায়িত হবে তার উপর নির্ভর করছে বাংলাদেশ শেষ পর্যন্ত কীভাবে উপকৃত হতে পারে। এ বাস্তবায়ন প্রক্রিয়ায় বাংলাদেশকে জোরালো ভূমিকা পালন করতে হবে।”
অনুষ্ঠানে পিকেএসএফের ব্যবস্থাপনা পরিচালক আবদুল করিম, বিইউপির চেয়ারম্যান এম এ জলিল এবং পরিবেশ ও বন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নুরুল কাদির উপস্থিত ছিলেন।
