জলবায়ু সম্মেলনে বাংলাদেশের স্বার্থরক্ষা হয়েছে: মন্ত্রী
প্যারিস জলবায়ু সম্মেলনে চুক্তি হওয়ায় সন্তোষ প্রকাশ করে পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু বলেছেন, এবারের সম্মেলনে বাংলাদেশের স্বার্থ রক্ষিত হয়েছে।
সম্মেলন থেকে ফিরে মঙ্গলবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে মন্ত্রী বলেন, “এর আগে যেসব সম্মেলন হয়েছে সবগুলোই আসলে ব্যর্থ হয়েছে। সে অর্থে প্যারিসের বৈঠকে যেহেতু একটা ঘোষণা এসেছে সেজন্য এটা ব্যর্থ হয়েছে বলতে পারবেন না।”
জাতিসংঘের আয়োজনে ২১তম কনফারেন্স অব দ্য পার্টিজ বা কপ২১ নামে প্যারিসে অনুষ্ঠিত এই সম্মেলনে চুক্তির মাধ্যমে প্রথমবারের মতো কার্বন নিঃসরণ কমিয়ে আনতে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে বিশ্বের প্রায় দুইশ দেশ।
বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি ২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখতে কার্বন নিঃসরণ কমিয়ে আনার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়েছে চুক্তিতে। জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমিয়ে নবায়নযোগ্য জ্বালানিতে গুরুত্ব দেওয়ার কথাও বলা হয়েছে এতে।
এছাড়া উন্নয়নশীল দেশগুলোকে সহায়তার জন্য ২০২০ সালের পর ধনী দেশগুলোকে বছরে ১০ কোটি ডলার দিতে হবে। সহায়তার পরিমাণ পরবর্তীতে বাড়ানোর বিষয়েও চুক্তিতে বলা হয়েছে।
বাংলাদেশের পরিবেশ মন্ত্রী বলেন, “বৈশ্বিক তাপমাত্রা বিপজ্জ্নক সীমায় উন্নীত হয়েছে। আমরা অত্যন্ত নগণ্য পরিমাণ বায়ু দূষণ করলেও এই দূষণের ফলে যেসব দেশ সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয় বাংলাদেশ তার মধ্যে অন্যতম।
“সেজন্য আমরা এই সম্মেলনে প্রশমনের চেয়ে অভিযোজনেই বেশি গুরুত্ব দিয়েছি।”
সম্মেলনের অভিজ্ঞতা তুলে ধরে আনোয়ার হোসেন মঞ্জু বলেন, “যেসব উন্নত দেশ শিল্প উন্নয়নের দিকে যাচ্ছে তাদের চাহিদা ছিল এক। শিল্পোন্নত দেশের ভিন্ন প্রয়োজন, আর আমরা যারা শিল্পোন্নত নই তাদের প্রয়োজনও ছিল ভিন্ন।
“ভিন্ন ভিন্ন প্রেক্ষাপট বিবেচনা করেও প্যারিস সম্মেলনে আইনি বাধ্যতামূলক চুক্তি হওয়ায় বাংলাদেশের স্বার্থ রক্ষিত হয়েছে।”
পরিবেশ ও বন সচিব কামাল উদ্দিন আহমেদ বলেন, এই সম্মেলনের মধ্য দিয়ে দীর্ঘ দিনের প্রত্যাশা পূরণের পথ সামনে চলে এসেছে। এই চুক্তি কার্যকর হলে সবার জন্য ‘শান্তির প্রলেপ’ নিয়ে আসবে।
সচিব জানান, প্যারিস সম্মেলনে বৈশ্বিক গড় তাপামাত্রা দুই ডিগ্রি সেলসিয়াসের নিচে রাখার লক্ষ্যমাত্রা নির্ধারিত হয়েছে এবং তা ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখার প্রচেষ্টা গ্রহণের কথা অন্তর্ভুক্ত হয়েছে।
গ্রিন হাউজ গ্যাসের অন্তত ৫৫ শতাংশ নির্গমণ করে এমন ৫৫টি দেশের অনুসমর্থনের পরেই কেবল প্যারিস জলবায়ু চুক্তি কার্যকর হবে বলে জানান কামাল উদ্দিন।
তিনি বলেন, প্যারিস চুক্তিতে স্বল্পোন্নত দেশের জন্য আইনি বাধ্যবাধকতা শিথিল করাসহ আর্থিক, প্রযুক্তি হস্তান্তর, সক্ষমতা বৃদ্ধিসহ বিশেষ অগ্রাধিকারমূলক সহায়তা পাওয়ার বিষয়টি উল্লেখ রয়েছে।
উন্নয়নশীল দেশের বর্তমান এবং ভবিষ্যৎ সক্ষমতার ব্যবধান ও চাহিদা নিরূপণ করে সক্ষমতা বাড়ানোর জন্য কার্যক্রম নিতে সম্মেলনে একটি কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে বলে জানান পরিবেশ সচিব।
পরিবেশ ও বন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হাছান মাহমুদ ছাড়াও মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
