৩৬তম বিসিএসের আসনবিন্যাস প্রকাশ
ছত্রিশতম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার আসনবিন্যাস প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
সোমবার কমিশনের ওয়েবসাইটে এই আসানবিন্যাস প্রকাশ করা হয়েছে।
আগামী ৮ জানুয়ারি সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত দেশের ১৬২টি কেন্দ্রে ৩৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা হবে। এতে দুই লাখ ১১ হাজার ৩২৬ জনের অংশ নেওয়ার কথা।
গত ৩৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা থেকে ক্যালকুলেটরসহ বিভিন্ন ধরনের ইলেকট্রনিক ডিভাইস ব্যবহারে নিষেধাজ্ঞা দেয় পিএসসি।
এবারও মোবাইল ফোন, সব ধরনের ইলেকট্রনিক যোগাযোগ যন্ত্র, ক্যালকুলেটর, বই ও ব্যাগ নিয়ে পরীক্ষাকেন্দ্র প্রবেশ করা যাবে না বলে পিএসসির বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এছাড়া ঘড়ি ব্যবহারেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, “প্রিলিমিনারি পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার নিষিদ্ধ রয়েছে। বিসিএস পরীক্ষায় হাত ঘড়ি, পকেট ঘড়ি, ইলেকট্রনিক ঘড়ি ব্যবহারও নিষিদ্ধ করা হয়েছে।”
এসব নিয়ে কেউ পরীক্ষার হলে ঢুকলে তার প্রার্থিতা বাতিলসহ তাকে কমিশনের সব পরীক্ষায় অযোগ্য ঘোষণা করা হতে পারে বলেও এতে সতর্ক করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রশ্নপত্র বিতরণের পর কাউকে পরীক্ষাকেন্দ্রে ঢুকতে দেওয়া হবে না। পরীক্ষা শেষ না করে কেউ কেন্দ্র থেকে বের হতে পারবে না।
৩৬তম বিসিএসের মাধ্যমে প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা হিসেবে দুই হাজার ১৮০ জনকে নিয়োগ দেওয়া হবে।
