পৌর ভোটে নির্বাচিতদের গেজেট সোমবার থেকে
সদ্য শেষ হওয়া পৌর ভোটে নির্বাচিত মেয়র, সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলর পদে নির্বাচিতদের নাম-ঠিকানাসহ ফলাফলের গেজেট প্রকাশ শুরু হচ্ছে সোমবার থেকে।
ইতোমধ্যে দুই শতাধিক পৌরসভায় বেসরকারিভাবে বিজয়ীদের ফলাফল সংগ্রহ করেছে নির্বাচন কমিশন। নির্বাচিতদের গেজেট প্রকাশের জন্য ৫ সদস্যের ইসির কাছে পর্যায়ক্রমে উপস্থাপন করা হচ্ছে।
এই কাজে দায়িত্বশীল কর্মকর্তা ইসির জ্যেষ্ঠ সহকারী সচিব মিজানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “যেসব ফলাফলের গেজেট প্রকাশের জন্য ইসির অনুমোদন আসবে তা সোমবার থেকে প্রেসে পাঠানো শুরু হবে।
“পৌরসভাগুলোর জেলাভিত্তিক নির্বাচিতদের নাম-ঠিকানাসহ গেজেট করা হচ্ছে, তাদের শপথের ব্যবস্থা করতে সংশ্লিষ্ট বিভাগীয় কমিশনারদের কাছে পাঠানো হবে।”
গেজেট প্রকাশের ২০ দিনের মধ্যে নির্বাচিতদের শপথ পড়ানোর বাধ্যবাধকতা রয়েছে। এক্ষেত্রে শপথ পড়ানো ও দায়িত্বভার গ্রহণের বিষয়ে স্থানীয় সরকার বিভাগ ব্যবস্থা নেবে।
৩০ ডিসেম্বর ২৩৪ পৌরসভায় ভোট হয়। ইতোমধ্যে ২১৪ মেয়র পদসহ (বিনা প্রতিদ্বন্দ্বীসহ) সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলর পদে নির্বাচিতদের নাম-ঠিকানাসহ গেজেটের জন্য রিটার্নিং কর্মকর্তারা ফল পাঠিয়ে দিয়েছেন।
নির্বাচন সমন্বয় শাখার একজন কর্মকর্তা জানান, ৩ জানুয়ারির মধ্যে সব ফলাফল সংগ্রহ করে ৪ থেকে ৭ জানুয়ারির মধ্যে তা গেজেট আকারে প্রকাশের পরিকল্পনা রয়েছে ইসির।
আর ১০ থেকে ১৫ জানুয়ারির মধ্যে নির্বাচিতদের গেজেট স্থানীয় সরকারের যথাযথ কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।
পৌর নির্বাচনের মামলা নিষ্পত্তির জন্য কমিশন সংশ্লিষ্ট যুগ্ম জেলা জজের নেতৃত্বে ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে সংক্ষুব্ধ প্রার্থীরা নির্বাচনী বিরোধ নিয়ে এ ট্রাইব্যুনালে মামলা করতে পারবে।
খরচের হিসাব দিতে হবে সবাইকে
ইসির উপ সচিব সামসুল আলম জানান, বিজয়ী ও বিজিত সব প্রার্থীকে নির্বাচনী ব্যয়ের বিবরণী ফলাফল গেজেট আকারে প্রকাশের পরবর্তী ৩০ দিনের মধ্যে রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দিতে হবে।
এবার ১২ হাজারেরও বেশি প্রার্থী লড়াইয়ে ছিল। তাদের নির্ধারিত ব্যয়সীমার এ হিসাব রিটার্নিং কর্মকর্তার পাশাপাশি ইসিতেও অনুলিপি পাঠাতে হবে।
প্রথমবারের মতো মেয়র পদে দলভিত্তিক ভোট হওয়ায় অংশ নেওয়া ২০টি দলকেও ইসিতে নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিতে হবে।
প্রতি পৌরসভায় সর্বোচ্চ এক লাখ টাকা দলীয় ব্যয়ের সুযোগ থাকায় আওয়ামী লীগকে ২ কোটি ৩৩ লাখ টাকা ও বিএনপিকে ২ কোটি ২৩ লাখ টাকার হিসাব দেখাতে হবে। প্রার্থী সংখ্যা অনুপাতে বাকি দলগুলোকেও এ ব্যয়ের হিসাব দিতে হবে নির্ধারিত সময়ে।
ব্যয় বিবরণী জমা দিতে ব্যর্থ হলে ছয় মাস থেকে সর্বোচ্চ সাত বছর কারাদণ্ডের বিধান রয়েছে।
