তারেককে খালাসের বিরুদ্ধে দুদকের আপিল শুনানির উদ্যোগ
মুদ্রা পাচার মামলায় খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানের খালাসের রায়ের বিরুদ্ধে করা আপিলের শুনানির উদ্যোগ নিয়েছে দুর্নীতি দমন কমিশন।
এর অংশ হিসেবে রোববার তারেক ও তার বন্ধু গিয়াসউদ্দিন আল মামুনের আপিল শুনানির দিন ধার্যের জন্য হাই কোর্টে আবেদন করা হয়েছে।
সরকার পতন হলে তারেক ফিরবেন: মওদুদ
লন্ডনে থাকা তারেকের খালাসের রায়ের বিরুদ্ধে দুদক আপিল করে। অন্যদিকে কারাবন্দি মামুন তার দণ্ডের বিরুদ্ধে আপিল করেন।
বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের হাই কোর্ট বেঞ্চে আবেদন জমা দেওয়ার পর
দুদকের কৌঁসুলি খুরশীদ আলম খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তারেকের ক্ষেত্রে দুদকের করা আপিল ও মামুনের করা আপিল শুনানির দিন ধার্যের জন্য হাই কোর্টের ওই বেঞ্চে আবেদন দাখিল করা হয়েছে। আগামীকাল (সোমবার) ওই আবেদন কার্যতালিকায় আসবে।”
ঢাকা ক্যান্টনমেন্ট থানায় ২০০৯ সালের ২৬ অক্টোবর দায়ের করা ওই মামলায় তারেক-মামুনের বিচার শুরু হয়েছিল ২০১১ সালের ৬ জুলাই।
মামলায় অভিযোগ করা হয়, টঙ্গীতে প্রস্তাবিত ৮০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র স্থাপনের কাজ নির্মাণ কনস্ট্রাকশনস নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে ২০ কোটি ৪১ লাখ ২৫ হাজার টাকা ঘুষ নেন মামুন।
২০০৩ থেকে ২০০৭ সালের মধ্যে বাংলাদেশ থেকে বিভিন্ন পন্থায় ২০ কোটি ৪১ লাখ ২৫ হাজার ৮৪৩ টাকা সিঙ্গাপুরের সিটি ব্যাংকে মামুনের হিসাবে পাচার করা হয়, যার মধ্যে ৩ কোটি ৭৮ লাখ টাকা তারেক খরচ করেন বলে অভিযোগপত্রে বলা হয়।
২০১৩ সালের ১৭ নভেম্বর ঢাকার তৃতীয় বিশেষ জজ আদালতের দেওয়া রায়ে তারেককে বেকসুর খালাস দেওয়া হয়। মামুনকে সাত বছর কারাদণ্ডের সঙ্গে ৪০ কোটি টাকা অর্থদণ্ডও করা হয়।
রায়ে বিচারক বলেন, ওই টাকা খরচ করার কথা তারেক রহমান অস্বীকার করেননি। ২০০৭ সালে দুদকে দাখিল করা তারেকের হিসাব বিবরণীতে তার উল্লেখ রয়েছে। তিনি যে মানি লন্ডারিং আইনে অপরাধ করেছেন তা প্রমাণিত হয়নি।
তারেককে খালাসের রায়ের বিরুদ্ধে ২০১৩ সালের ৫ ডিসেম্বর আপিল দায়ের করে দুদক। এর গ্রহণযোগ্যতার শুনানি নিয়ে ২০১৪ সালের ১৯ জানুয়ারি হাই কোর্ট দুদকের করা আপিল শুনানির জন্য গ্রহণ করে।
অন্যদিকে সাজার রায়ের বিরুদ্ধে মামুনের আপিলও শুনানির জন্য গৃহীত হয়।
এই দুই আপিল শুনানির দিন ঠিক করতে রোববার দুদক আবেদন করে।
মামলা দায়ের থেকে শুরু করে পুরো বিচার প্রক্রিয়াতেই অনুপস্থিত ছিলেন বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক। গত আট বছর ধরে তিনি যুক্তরাজ্যে রয়েছেন।
