শিক্ষকদের দাবি নিয়ে ‘কাজ করছে’ শিক্ষা মন্ত্রণালয়
অর্থমন্ত্রী অযৌক্তিক বললেও শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের দাবি নিয়ে শিক্ষা মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে।
সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে লাগাতার কর্মবিরতির ঘোষণা নিয়ে কিছু না বললেও শিক্ষকদের দাবি-দাওয়ার বিষয়ে ‘সুষ্ঠু ও সম্মানজনক’ সমাধান বেরিয়ে আসবে বলে আশা করছেন শিক্ষামন্ত্রী।
অষ্টম বেতন কাঠামোয় ‘বৈষম্য’ নিরসনের দাবিতে ১১ জানুয়ারি থেকে লাগাতার কর্মবিরতির ডাক দিয়েছে বাংলাদেশের ৩৭টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।
বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের শনিবার ঘোষিত এই কর্মসূচির প্রতিক্রিয়ায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত রোববার বলেছেন, শিক্ষকরা ‘না জেনেই’ এই আন্দোলন করছেন।
এদিন আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এক অনুষ্ঠান শেষে শিক্ষামন্ত্রী নাহিদ সাংবাদিকদের প্রশ্নে বলেন, “আমরা শুরু থেকেই শিক্ষকদের সমস্যাগুলোর সুষ্ঠু সমাধানের জন্য যা যা করার করে গেছি। শিক্ষা মন্ত্রণালয় শিক্ষকদের পক্ষে আছে।”
তবে কর্মবিরতির কর্মসূচি নিয়ে কিছু বলতে তিনি রাজি হননি। “শিক্ষকদের কর্মসূচি নিয়ে কিছু বলছি না,” সাংবাদিকদের প্রশ্ন এভাবে এড়িয়ে যান তিনি।
অষ্টম বেতন কাঠামো ঘোষণার পর থেকেই গ্রেডে মর্যাদার অবনমন এবং টাইম স্কেল ও সিলেকশন গ্রেড বাতিলের প্রতিবাদে আন্দোলন শুরু করেন বিশ্ববিদ্যালয় শিক্ষকরা।
এরপর সরকার শিক্ষকদের এই দাবি পর্যালোচনায় কমিটি করে। কমিটির সভাপতি অর্থমন্ত্রী মুহিত শিক্ষকদের নিয়ে বৈঠকও করেন।
গত ৬ ডিসেম্বর বৈঠকে অর্থমন্ত্রী শিক্ষকদের তিনটি দাবি মেনে নেওয়ার প্রতিশ্রুতি দিলেও তার ১০ দিন পর বেতন কাঠামোর গেজেটে তার মধ্যে প্রথম দুটির প্রতিফলন ঘটেনি বলে শিক্ষকদের অভিযোগ।
মুহিত রোববার সাংবাদিকদের বলেন, “আমরা একটা মিটিং করেছিলাম। কিছু কথাবার্তা হয়েছিল। আমরা সেটা সমাধানের জন্য শিক্ষা মন্ত্রণালয়কে দিয়েছি। তারা সেটা এখনও সমাধান করেনি।”
সংলাপে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ
শিক্ষামন্ত্রী নাহিদ বলেন, “আমরা তাদের (শিক্ষকদের) সমস্যা সমাধানের জন্য জোরে-শোরে আলোচনা চালিয়ে যাচ্ছি। শিক্ষা পরিবারের একজন কর্মী হিসেবে শিক্ষকদের বেতন-ভাতা ইত্যাদি বিষয়ে সচেতন ও সক্রিয় আছি, বিষয়টি স্থবির হয়ে নেই, এগোচ্ছে।
“আশা করি সুষ্ঠু ও সম্মানজনক সমাধান বেরিয়ে আসবে। অতিদ্রুত সমাধানের চেষ্টা করে যাচ্ছি।”
তবে শিক্ষকদের বিভিন্ন দাবি-দাওয়া সমাধানে বেতন বৈষম্য সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির দ্বিতীয় সভা আহ্বানের বিষয়ে কোনো তথ্য দিতে পারেননি শিক্ষামন্ত্রী।
