২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাঈদীর রায় কারাগারে

যুদ্ধাপরাধ মামলায় জামায়াতে ইসলামীর নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর সাজা কমিয়ে আমৃত্যু কারাদণ্ডের রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হয়ে কারাগারে পৌঁছেছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2016, 04:20 PM

Updated : 20 Aug 2022, 11:29 AM

Image
ফাইল ছবি

ফাইল ছবি

মানবতাবিরোধী অপরাধের দায়ে ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সাঈদীকে মৃত্যুদণ্ড দিয়েছিল। ওই রায়ের বিরুদ্ধে আপিলের শুনানি শেষে ২০১৪ সালের ১৭ সেপ্টেম্বর আপিল বিভাগ সংক্ষিপ্ত রায় ঘোষণা করে।

সংখ্যাগরিষ্ঠ মতের এই রায়ে সাঈদীর আমৃত্যু কারাদণ্ড হয়। এরপর গত ৩১ ডিসেম্বর আপিল বিভাগ ৬১৪ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করে।

পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর এখন আইনি লড়াইয়ের শেষ ধাপে রিভিউর সুযোগ রয়েছে। এ জন্য উভয়পক্ষ ১৫ দিন সময় পাবে।

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম জানিয়েছেন, অনুলিপির সত্যায়িত কপি পেলেই রাষ্ট্রপক্ষ সর্বোচ্চ আদালতের ওই রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন করবে। আসামিপক্ষও বলেছে, রায়ের অনুলিপি পেলে পর্যলোচনা করে তারা পরবর্তী পদক্ষেপ নেবে।

ট্রাইব্যুনালের রেজিস্ট্রার শহীদুল আলম রোববার দুপুরে ঝিনুক রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সংক্ষিপ্ত রায়ের পরপরই সাজা পরোয়ানা জারি হয়। এখন সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার জন্য পূর্ণাঙ্গ রায় ট্রাইব্যুনাল থেকে কারাকর্তৃপক্ষ ও জেলা ম্যাজিস্ট্রেটের কাছে পাঠানো হবে।”

ঢাকা কেন্দ্রীয় কারাগারের কারাধ্যক্ষ জাহাঙ্গীর কবির রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রায় আসার পর তা কাশিমপুর কারাগারে পাঠিয়ে দেওয়া হয়েছে।”

যুদ্ধাপরাধী এই জামায়াত নেতা বর্তমান গাজীপুরের কাশিমপুর কারাগারে রয়েছেন।

আপিল বিভাগ থেকে এ পর্যন্ত যুদ্ধাপরাধ মামলার যে পাঁচটি রায় এসেছে, তার মধ্যে কেবল সাঈদীর ক্ষেত্রেই রিভিউ বাকি রয়েছে।  

বাকি চার মামলায় জামায়াতে ইসলামীর দুই সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লা ও মোহাম্মদ কামারুজ্জামান, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর রিভিউ খারিজ হয়ে যাওয়ায় তাদের ফাঁসি কার্যকর করা হয়েছে।

সাঈদীর মামলায় রাষ্ট্রপক্ষ রায়ের রিভিউ চাইলে তা হবে যুদ্ধাপরাধ মামলায় সাজা বাড়ানোর জন্য প্রথম পুনর্বিবেচনার আবেদন।

মানবতাবিরোধী অপরাধের কারণে একাত্তরে জামায়াত নেতা সাঈদীকে পিরোজপুরের মানুষ চিনত ‘দেইল্লা  রাজাকার’ নামে। তিনি যে রাজাকার বাহিনীর সদস্য ছিলেন এবং পাকিস্তানি বাহিনীর সঙ্গে বিভিন্ন অপরাধের ঘটনায় অংশ নিয়েছেন, তা আদালতের বিচারে প্রমাণিত হয়েছে।

৭৪ বছর বয়সী সাঈদী বর্তমানে গাজীপুরের কাশিমপুর কারাগারে রয়েছেন। ২০১০ সালে গ্রেপ্তার হওয়ার পর থেকেই তিনি কারাবন্দি। তবে এর মধ্যে মা ও ছেলের মৃত্যুর পর দুই দফায় কয়েক ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছিলেন।