‘অপহৃত’ ইন্টার্ন চিকিৎসকের খোঁজ মিলল ডিবি কার্যালয়ের সামনে
‘অপহরণের’ ৩০ ঘণ্টা পর খোঁজ মিলেছে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক শামীম খান তপুর।
শনিবার রাত সাড়ে ৯টার দিকে মিন্টো রোডের গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ের সামনে তাকে অচেতন অবস্থায় পাওয়া যায় বলে পুলিশের তেজগাঁও বিভাগের উপ-কমিশনার ওয়াহিদুল ইসলাম জানিয়েছেন।
গত শুক্রবার দুপুরে সোহরাওয়ার্দী হাসপাতালের বহির্বিভাগের সামনে থেকে মাইক্রোবাসে তপুকে তুলে নেওয়ার পর শেরেবাংলা নগর থানায় অভিযোগ দায়ের করা হয়েছিল। এরপর থেকেই তাকে উদ্ধারের চেষ্টায় ছিল পুলিশ।
শামীম খান তপু
উদ্ধারের পর তপুর অবস্থান জানতে তার স্বজনদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কাউকে পাওয়া যায়নি।
তবে ‘অপহরণের’ বিষয়ে জানতে তাকে যথাসময়ে জিজ্ঞাসাবাদ করা হবে বলে পুলিশ কর্মকর্তা ওয়াহিদুল জানিয়েছেন।
তিনি বলেন, “ডিবি অফিসের সামনে তাকে অচেতন অবস্থায় পাওয়া গেছে। যেহেতু আমাদের এলাকা থেকে সে নিখোঁজ হয়েছে, তাই সময় মত তাকে আমরা জিজ্ঞাসাবাদ করব।”
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ঘটনার দিন বেলা ১১টার দিকে তপুর মোবাইল ফোনে ২০০ টাকা রিচার্জের মেসেজ আসে। এরপর একজন ফোন করে ভুলে তার নম্বরে চলে যাওয়া টাকা ফেরত দেওয়ার অনুরোধ করে।
এজন্য তাকে হাসপাতলের সামনে একটি ফ্লেক্সিলোডের দোকানে যেতে বলা হয়। সেই অনুযায়ী এক বন্ধুকে নিয়ে ওই দোকানে যান তপু। কিন্তু সেখানে গিয়ে কয়েকবার ওই নম্বরে ফোন করে তা বন্ধ পাওয়া গেলে হলে ফিরে যান তিনি।
এরপর দুপুর ২টার দিকে ধানমন্ডিতে ভাইয়ের বাসায় যাওয়ার জন্য হল থেকে বেরিয়ে হেঁটে হাসপাতালের বহির্বিভাগে এসে পৌঁছলে তিন যুবক তাকে ধাক্কা দিয়ে একটি সাদা মাইক্রোবাসে তুলে নিয়ে চলে যায়।
