ইন্টার্ন চিকিৎসককে অপহরণ: সড়ক অবরোধ
অপহৃত সহকর্মীর সন্ধান চেয়ে রাজধানীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা।
শনিবার বেলা ১২টা থেকে ১ ঘণ্টা হাসপাতালের সামনে মিরপুর সড়ক অবরোধ করে রাখেন তারা।
এর আগে শুক্রবার দুপুরে হাসপাতালের বহির্বিভাগের সামনে থেকে ইন্টার্ন চিকিৎসক শামীম খান তপুকে একটি সাদা রঙের মাইক্রোবাসে তুলে নিয়ে যাওয়া হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
তপু এসএইচ-৫ ব্যাচের শিক্ষার্থী ছিলেন; প্রায় এক মাস আগে তিনি ইন্টার্নি শুরু করেছিলেন। তার বাড়ি টাঙ্গাইলে।
রাহাত হোসেন নামে হাসপাতালের একজন ইন্টার্ন চিকিৎসক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শুক্রবার বেলা ২টার দিকে তপু ধানমণ্ডিতে তার এক ভাইয়ের বাসায় যাওয়ার জন্য হল থেকে বের হয়।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে তিনি জানান, তপু পায়ে হেঁটে হাসপাতালের বহির্বিভাগে পৌঁছুলে তিন যুবক ধাক্কা দিয়ে তাকে একটি সাদা রঙের মাইক্রোবাসে তুলে নেয়। এরপরই মাইক্রোবাসটি দ্রুত সটকে পড়ে।
নিশিথ নামে অপর এক ইন্টার্ন জানান, বেলা ১১টার দিকে তার দুইশ টাকার মোবাইল রিচার্জের মেসেজ আসে। এরপর একজন ফোন করে তাকে জানায়, ভুল করে তার নম্বরে টাকা চলে গেছে, এটা যেন ফেরত দেওয়া হয়।
“এজন্য তাকে হাসপাতালের সামনে একটি ফ্লেক্সি লোডের দোকানে আসতে বলা হয়। সে অনুযায়ী তার এক বন্ধুকে নিয়ে একটি ফ্লেক্সির দোকানে গিয়ে অপরিচিত ওই নম্বরে ফোন করে। কিন্তু নম্বরটি বন্ধ পাওয়া যায়। বেশ কয়েকবার চেষ্টা করেও না পেয়ে সে হাসপাতালে ফিরে আসে।”
তিনি জানান, এ ঘটনায় শুক্রবারই শেরেবাংলা নগর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
২০১৫ সালে এমবিবিএস শেষ করে ইন্টার্ন হিসেবে কাজে যোগ দিয়েছিলেন তপু।
তবে অপহরণের এই ঘটনার পেছনে কী কারণ থাকতে পারে তা কেউই ধারণা করতে পারছেন না বলে জানান রাহাত হোসেন।
অবরোধ কর্মসূচির বিষয়ে তিনি বলেন, “আমরা এ ব্যাপারে পরবর্তী কী কর্মসূচি দেওয়া যায় তা আলোচনা করে সিদ্ধান্ত নেব।”
শেরেবাংলা নগর থানার ওসি জানিয়েছেন, ঘটনার পরপরই পুলিশ মাঠে নেমেছে; অন্য সংস্থার সদস্যরাও কাজ করছে। তপুর সব বিষয়ে খোঁজ খবর নেওয়া হচ্ছে।
