বরগুনা পৌর ভোট বর্জনকারী মেয়রপ্রার্থী ঢাকা মেডিকেলে
পৌর ভোটের দিন নির্বাচন বর্জনের পর সংঘর্ষে আহত বরগুনা পৌরসভার আওয়ামী লীগের মেয়রপ্রার্থী কামরুল আহসান মহারাজ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন।
শুক্রবার সকালে তিনি নিউরোলজি বিভাগে ভর্তি হয়ে ৪৪ নম্বর কেবিনে রয়েছেন বলে হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক জানিয়েছেন।
আহতের চাচাত ভাই সাজ্জাদুল কবির নেওয়াজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুক্রবার তাকে ডিউটি ডাক্তার প্রাথমিকভাবে দেখেছেন। শনিবার হাসপাতালে জ্যেষ্ঠ চিকিৎসকরা আসলে তার শারীরিক অবস্থা সম্পর্কে জানা যাবে।
নয়ন ও শুকদেব নামে কামরুলের দুই সমর্থকও এই হাসপাতালে ভর্তি হয়েছেন বলে তিনি জানান।
সাজ্জাদুল কবির দাবি করেন, ভোটের দিন নিজের পোলিং এজেন্টদের বিভিন্ন কেন্দ্র থেকে প্রশাসনের লোকেরা বের করে দিচ্ছে জানতে পেরে প্রতিবাদ করতে গেলে কামরুল ‘পুলিশের গুলিতে’ আহত হন।
“তার মাথায় দুটো রাবার বুলেট লাগলে তাৎক্ষণিকভাবে তাকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। দুদিন পর চিকিৎসকরা তাকে ঢাকায় নেওয়া পরামর্শ দেন।”
কামরুল বরগুনা জেলা যুবলীগের সভাপতি, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বরগুনা বার কাউন্সিলের সাধারণ সম্পাদক।
সাজ্জাদুল বলেন, “ভাই বলেছেন, ৩৫ বছরের রাজনৈতিক জীবনে তিনি কখনও এমন অন্যায়ের ও নির্যাতনের মুখোমুখি হননি। সুস্থ হওয়ার পর দল যা সিদ্ধান্ত নেয় তিনি তাই করবেন।”
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, বুধবার ভোটের দিন দুপুরে প্রশাসনের এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ তুলে ভোট বর্জনের ঘোষণা দেন আওয়ামী লীগের প্রাথী কামরুল আহসান মহারাজ। পরে বরগুনা সরকারি কলেজ ভোটকেন্দ্রে সমর্থকদের ওপর হামলার খবর শুনে দলীয় নেতাকর্মীসহ ওই কেন্দ্রের দিকে যান। এ সময় পুলিশ তাদের বাধা দিলে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। সে সময় তার নেতাকর্মী ও সমর্থকরা পুলিশের দিকে ইঁট-পাথর ছুড়তে থাকেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এক পর্যায়ে পুলিশ রাবার বুলেট ছুড়ে। সংঘর্ষের মধ্যে কামরুলসহ সাত নেতাকর্মী আহত হয়।
