২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিক্ষার মান নিয়ে প্রধান বিচারপতির খেদ

বর্তমান শিক্ষা ব্যবস্থা নিয়ে প্রশ্ন রেখে প্রধান বিচারপতি এস কে সিনহা বলেছেন, এখন শিক্ষাকে ব্যবসায় পরিণত করা হচ্ছে, যার মূলে রয়েছেন শিক্ষকরা। 

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2016, 11:58 PM

Updated : 12 Apr 2022, 01:07 AM

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে শুক্রবার জগন্নাথ হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পুনর্মিলনী অনুষ্ঠানে শিক্ষা ব্যবস্থা নিয়ে নিজের অভিমত তুলে ধরেন তিনি।

বক্তব্যের শুরুতেই প্রধান বিচারপতি বলেন, “আমি এ পবিত্র ইউনিভার্সিটি ক্যাম্পাসে দাঁড়িয়ে দু-একটি কথা বলতে চাই। সেটা হল, আমাদের শিক্ষা-ব্যবস্থা, শিক্ষার মান নিয়ে।”

তিনি বলেন, “আমাদের এই যে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ। সেখানে শিক্ষক-ছাত্র-কর্মচারী প্রত্যেকের সর্বত্র অবক্ষয় দেখা যাচ্ছে। আমরা এই রকম একটা প্রতিষ্ঠানকে কীভাবে রক্ষা করতে পারব?”

শিক্ষার মান নিয়ে বলতে গিয়ে তিনি বলেন, “শিক্ষার ব্যাপারে আমাদের কী মান ছিল, কী চিন্তা-চেতনা ছিল, ফিলোসফি কী ছিল? আজকে আমরা কোথায় চলে যাচ্ছি। পৌরাণিক আমলে এই ভারতে রাজা-বাদশারা তারা পণ্ডিত ব্যক্তিদের পায়ের নিচে বসে শিক্ষা কী রকম হবে সেটা শিখতেন।”

শিক্ষাকে ব্যবসায় পরিণত করা হয়েছে মন্তব্য করে এস কে সিনহা বলেন, “আমরা শিক্ষাকে এখন একটা ব্যবসা হিসেবে পরিণত করছি। আমার মহান বিদ্যাপীঠের অনারেবল শিক্ষকরা এখন কিন্তু ক্লাস নেওয়ার চেয়ে প্রাইভেট ইউনিভার্সিটির ক্লাস নেওয়ার দিকে বেশি ঝুঁকে যান।” 

নিজের এমন বক্তব্যে অনেকে অখুশি হবেন বলেও মন্তব্য করেন তিনি।

পাস করে বের হয়ে যাওয়া শিক্ষার্থীদের নিয়ে নিজের অভিজ্ঞতা তুলে ধরে প্রধান বিচারপতি বলেন, “আমি যখন দেখি এ বিদ্যাপীঠ থেকে একজন ছেলে সর্বোচ্চ ডিগ্রি নিয়ে আইনের পেশায় আসে, তখন তাকে একটার পর দুই নম্বর প্রশ্ন করলে তার মুখ থেকে কোনো উত্তর বাহির হয় না; খুবই কষ্ট লাগে।”

“আমি প্রকৃতপক্ষে যে শুধু পুথিগত ডক্টরেট ডিগ্রি নিয়ে এখান থেকে চলে গেল তার কথা বলছি না। সত্যিকার অর্থে যে শিক্ষিত লোক তার কথা বলছি।”

শিক্ষকদের কাছে অনুরোধ জানিয়ে এস কে সিনহা বলেন, তারা যেন নিজের ছেলে-মেয়ের মতো করে শিক্ষার্থীদের প্রকৃত শিক্ষা দেন।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, তারা যেন বিশ্ববিদ্যালয়ের গণ্ডী শেষ করে সমাজনীতি, বিজ্ঞান, অর্থনীতি, মানবতা এবং নৈতিকতা নিয়ে ভাবে।

বক্তব্যে একাত্তরে জগন্নাথ হলে পাক-হানাদারদের আক্রমণের কথাও স্মরণ করেন প্রধান বিচারপতি।

তিনি বলেন, “১৯৭১ সালে জগন্নাথ হলে যত রক্ত ঝরেছে, ঢাকা ইউনিভার্সিটির আর কোনো হলে এত রক্ত ঝরেনি। কিছু ঐতিহাসিক দলিল মুক্তিযুদ্ধের কিছু কাগজপত্র যুদ্ধাপরাধের বিচারের সময় আমাদের কাছে উপস্থাপিত হয়েছিল। কী মর্মান্তিক, নৃশংসভাবে আমাদের বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছিল। তাদের রক্ত যদি এ রকম না ঝরত, আমরা কিন্তু এত তাড়াতাড়ি স্বাধীনতা পেতাম না।” 

অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি কানুতোষ মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বক্তব্য রাখেন।